নিউইয়র্কে হাজারো পরিবারের সরকারি বাসাভাড়া ভাতা হারানোর শঙ্কা, নতুন নিয়ম কার্যকর ১৪ ডিসেম্বর
- প্রকাশঃ ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪০
- / 12
নিউইয়র্ক, ১৯ নভেম্বর (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মিশ্র অভিবাসন অবস্থার হাজারো পরিবার সরকারি আবাসন ও বাসাভাড়া সহায়তা হারানোর ঝুঁকিতে পড়তে পারে। দেশটির আবাসন ও নগর উন্নয়ন বিভাগ (এইচইউডি) নতুন একটি বিধি চূড়ান্ত করেছে, যা আগামী ১৪ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা। এতে সরকারি আবাসন প্রকল্প ও সেকশন এইট ভাউচারসহ নির্দিষ্ট কর্মসূচির আওতায় থাকা পরিবারের প্রত্যেক সদস্যের নাগরিকত্ব অথবা যোগ্য অভিবাসন অবস্থার প্রমাণ যাচাই বাধ্যতামূলক হবে।
নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম সিটি লিমিটসের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বিধির প্রভাবে শহরের প্রায় ২ হাজার ৫০০ মিশ্র অভিবাসন অবস্থার পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে। এসব পরিবারের ক্ষেত্রে কোনো সদস্য সরকারি আবাসন সহায়তা পাওয়ার যোগ্য হলেও অন্য সদস্যদের অভিবাসন অবস্থার কারণে পুরো পরিবারের সহায়তা অব্যাহত রাখা কঠিন হয়ে উঠতে পারে।
মিশ্র অভিবাসন অবস্থার পরিবার বলতে এমন পরিবারকে বোঝায়, যেখানে কিছু সদস্য যুক্তরাষ্ট্রের নাগরিক অথবা সরকারি আবাসন সহায়তার জন্য যোগ্য অভিবাসন অবস্থায় রয়েছেন, কিন্তু অন্য সদস্যরা সেই যোগ্যতার আওতায় পড়েন না। বর্তমান ব্যবস্থায় এ ধরনের পরিবার একসঙ্গে বসবাস করতে পারে। তবে সরকারি ভর্তুকি নির্ধারণ করা হয় পরিবারের যোগ্য সদস্যের সংখ্যার ভিত্তিতে। নতুন বিধিতে পরিবারের প্রত্যেক সদস্যের অবস্থার প্রমাণ যাচাইয়ের ওপর জোর দেওয়া হয়েছে।
এইচইউডির চূড়ান্ত বিধি অনুযায়ী, সরকারি আবাসন সুবিধা গ্রহণকারী পরিবারের সব সদস্যকে নাগরিকত্ব অথবা নির্দিষ্ট যোগ্য অভিবাসন অবস্থার প্রমাণ দিতে হবে। আগে পরিবারের কোনো সদস্য নিজের যোগ্য অভিবাসন অবস্থার দাবি না জানালেও অন্য যোগ্য সদস্যদের ভিত্তিতে আনুপাতিক হারে ভাড়া সহায়তা পাওয়ার সুযোগ ছিল। নতুন বিধিতে সেই সুবিধা অনির্দিষ্টকাল চালু রাখার সুযোগ সীমিত করা হয়েছে। যাচাই চলাকালে কিছু ক্ষেত্রে সাময়িকভাবে আনুপাতিক সহায়তা দেওয়া যেতে পারে।
সিটি লিমিটসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে প্রায় ২০ হাজার মিশ্র অভিবাসন অবস্থার পরিবার নতুন নিয়মের কারণে আবাসন সহায়তা হারানোর ঝুঁকিতে রয়েছে। এসব পরিবারের সদস্যসংখ্যা প্রায় ৮০ হাজার। নিউইয়র্ক ছাড়াও ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে উল্লেখযোগ্যসংখ্যক পরিবার এ পরিস্থিতির মুখে পড়তে পারে।
নতুন বিধির প্রভাব অনিয়মিত অভিবাসন অবস্থায় থাকা ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করলেও কিছু অভিবাসন শ্রেণির মানুষ ফেডারেল আবাসন সহায়তার জন্য যোগ্য নন। সিটি লিমিটসকে দেওয়া বক্তব্যে লিগ্যাল এইড সোসাইটির আবাসনবিষয়ক আইনজীবী লুসি নিউম্যান জানান, যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করলেই যে কেউ সরকারি ভাড়া সহায়তার যোগ্য হবেন, এমন নয়। তাঁর মতে, এ বিষয়টি অনেক পরিবারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
আবাসন ও অভিবাসন অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর আশঙ্কা, নতুন বিধির কারণে কোনো কোনো পরিবারকে সরকারি বাসার সুবিধা ধরে রাখতে পরিবারের সদস্যদের আলাদা থাকার সিদ্ধান্ত নিতে হতে পারে। এতে শিশুদের পড়াশোনা, পারিবারিক জীবন ও আবাসন নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সিটি লিমিটসের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের মিশ্র অভিবাসন অবস্থার পরিবারগুলোর গড়ে প্রায় চার ভাগের তিন ভাগ সদস্য সরকারি আবাসন সহায়তার জন্য যোগ্য।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নতুন বিধির বিরোধিতা করেছেন। সিটি লিমিটসকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, জন্মস্থান বা অভিবাসন অবস্থার কারণে কারও নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের সুযোগ হারানো উচিত নয়। শহর প্রশাসন বাসিন্দাদের আবাসন সুবিধা রক্ষায় সম্ভাব্য সব আইনি ও প্রশাসনিক পদক্ষেপ পর্যালোচনা করছে বলেও জানিয়েছেন তিনি।
তবে আবাসন আইনজীবীরা বাসিন্দাদের আতঙ্কিত হয়ে আগেভাগে বাসা ছেড়ে না দেওয়ার পরামর্শ দিয়েছেন। সিটি লিমিটসের প্রতিবেদনে বলা হয়েছে, বিধিটি কার্যকর হওয়ার পর মিশ্র অভিবাসন অবস্থার পরিবারগুলোর যেসব সদস্যের নথি জমা দেওয়া বাকি থাকবে, তাদের তা জমা দেওয়ার জন্য ৯০ দিন সময় দেওয়া হবে। কোনো আবাসন কর্তৃপক্ষ সহায়তা বন্ধের সিদ্ধান্ত নিলেও সংশ্লিষ্ট বাসিন্দাদের যথাযথ প্রক্রিয়ায় নিজেদের অবস্থান জানানোর অধিকার থাকবে।
নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা সরকারি আবাসন, সেকশন এইট ভাউচার অথবা ভর্তুকিযুক্ত বাসাভাড়ার সুবিধা নিচ্ছেন, তাদের পরিবারের সদস্যদের অভিবাসন নথি ও আবাসন কর্মসূচির শর্ত যাচাই করা প্রয়োজন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট আবাসন কর্তৃপক্ষ, অভিবাসন আইনজীবী অথবা অভিজ্ঞ আইনি সহায়তা সংস্থার পরামর্শ নেওয়া উচিত।




























