জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি নিয়ে ইসিতে নারী সংগঠনের নেতারা
- প্রকাশঃ ০৪:৫৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 31
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে ১১টি নারী সংগঠনের নেতারা রোববার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি দেন। এসময় তারা বলেন, জামায়াত আমির সম্প্রতি কর্মজীবী নারীদের সম্পর্কে অবমাননাকর ও নারীবিদ্বেষী মন্তব্য করেছেন, যা শুধু নারীদের প্রতি নয়, দেশের শ্রমজীবী ও অবদানশীল নারীদের মর্যাদা ও সামাজিক ভূমিকারও অবমাননা।
স্মারকলিপি প্রকাশ করেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু। তিনি জানান, যদিও সংশ্লিষ্ট দলের পক্ষ থেকে এই মন্তব্যকে ‘হ্যাকিং’-এর ফল বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তবে ভ্যারিফায়েড এক্স (এক্স) অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বক্তব্যের ক্ষেত্রে এই দাবি গ্রহণযোগ্য নয়। এছাড়া পুলিশের প্রাথমিক তদন্তেও হ্যাকিং সংক্রান্ত প্রমাণ পাওয়া যায়নি।
মোশরেফা মিশু বলেন, এ ধরনের মন্তব্য নারীর প্রতি ঘৃণা ও বৈষম্যকে উসকে দেয় এবং নারী শ্রমিকদের নিরাপত্তা ও মর্যাদাকে হুমকির মুখে ফেলে। একজন রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
স্মারকলিপিতে নারী সংগঠনগুলো চারটি দাবি জানায়—
১. অবিলম্বে অবমাননাকর মন্তব্য প্রত্যাহার।
২. কর্মজীবী নারী ও নারী শ্রমিকদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা।
৩. ভবিষ্যতে নারীর মর্যাদা ও শ্রমকে হেয় করার মন্তব্য থেকে বিরত থাকার অঙ্গীকার।
৪. নির্বাচন কমিশনের নৈতিকতা ও আচরণবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল।
স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন: মোশরেফা মিশু, সামিনা লুৎফা, শবনম হাফিজ, ফেরদৌস আরা রুমী, নাফিসা রায়হানা, জাকিয়া শিশির, তাবাসসুম মেহেনাজ মিমি, সুলতানা বেগম, শামীম আরা নীপা, মারজিয়া প্রভা এবং নারীপক্ষের প্রতিনিধি।




























