শান্তিগঞ্জে রাতের আঁধারে জলমহালের অর্ধকোটি টাকার মাছ লুট
- প্রকাশঃ ১১:১৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 32
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কাওয়াজুরী হাওরে একটি জলমহাল থেকে বিপুল পরিমাণ মাছ লুটের অভিযোগ উঠেছে। ইজারাদারদের দাবি, আশপাশের ৭–৮টি গ্রামের হাজারো মানুষ একযোগে জলমহালে প্রবেশ করে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছে।
জানা যায়, শুক্রবার ইফতারের পর থেকেই জাল, পলো, টেটাসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম নিয়ে শান্তিগঞ্জ উপজেলার কাওয়াজুরী, উফতিরপাড়, লাউগাঙ্গ এবং দিরাই উপজেলার নগদিপুর, ছোট নগদিপুর, ধীতপুর, ফুকিডর ও দৌলতপুর গ্রামের লোকজন জলমহালের সীমানায় জড়ো হতে থাকেন। একপর্যায়ে পাহারাদারকে সরিয়ে দিয়ে তারা জলমহালের ভেতরে প্রবেশ করে মাছ আহরণ শুরু করেন।
জলমহালের ইজারাদার আঙ্গুর মিয়া জানান, ছয় মাস আগে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের অধীনে খাস কালেকশনের মাধ্যমে ১৬ লাখ টাকা রাজস্ব দিয়ে তিনি কাওয়াজুরী জলমহাল ইজারা নেন। পরবর্তীতে জলমহাল রক্ষণাবেক্ষণ, পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন ব্যবস্থাপনায় আরও প্রায় ২৪ লাখ টাকা ব্যয় করা হয়।
তিনি অভিযোগ করেন, মাছ আহরণের মৌসুম ঘনিয়ে আসার সময় পরিকল্পিতভাবে এই লুটপাট চালানো হয়েছে। এতে তার অন্তত ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্যাহ বলেন,
“মাছ লুটের বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা বলছেন, এমন প্রকাশ্য লুটপাটের ঘটনায় জলমহাল ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ইজারাদার ও এলাকাবাসী।

















