ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে ৪৮১ জনের গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
- প্রকাশঃ ০৫:৩৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / 2
রাজনৈতিক বিবেচনায় তালিকাভুক্ত ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান।
রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সারা দেশে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৪৮১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করা হয়েছে।
সংসদ সদস্য আব্দুল মালিক অভিযোগ করেন, বিগত বছরগুলোতে প্রকৃত মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিলেন এবং অসাধু উপায়ে অনেকেই তালিকায় অন্তর্ভুক্ত হয়ে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করেছেন। বিশেষ করে সিলেটের বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা এলাকায় এ প্রবণতা বেশি ছিল বলে তিনি উল্লেখ করেন।
জবাবে মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। তবে কিছু ব্যক্তি অসাধু উপায়ে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, যাদের চিহ্নিত করা হচ্ছে। তিনি জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অভিযোগের ভিত্তিতে নিয়মিত শুনানি ও যাচাই-বাছাই করছে এবং অভিযোগ প্রমাণিত হলে তাদের সনদ ও গেজেট বাতিল করা হচ্ছে।
মন্ত্রী আরও জানান, প্রবাসে অবস্থানরত যেসব মুক্তিযোদ্ধা এখনো ডিজিটাল সনদ বা স্মার্ট আইডি পাননি, তাদের আবেদন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সিলেট অঞ্চলের মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথাও উল্লেখ করেন।
দক্ষিণ সুরমা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কাজ দ্রুত শেষ করা হবে বলেও তিনি আশ্বাস দেন। এছাড়া বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ ও সংস্কারের বিষয়টি সরকারের পরিকল্পনায় রয়েছে।















