১০ কোটি টাকা নেওয়ার অভিযোগের জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ
- প্রকাশঃ ০৯:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- / 5
হাসনাত আবদুল্লাহ । ফাইল ছবি
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের করা ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, জেলা পরিষদের প্রশাসক যে টাকার কথা বলেছেন, সেটি উপজেলার জন্য বরাদ্দকৃত বাজেটের অর্থ, যা কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি।
শনিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া অভিযোগ করেন, জেলা পরিষদের নিজস্ব রাজস্ব তহবিল থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ ১৫ কোটি টাকা এবং হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন।
অনুষ্ঠানে মোস্তাক মিয়া বলেন, ‘আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। তিনি আমাদের নিজস্ব রাজস্বের ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। আরেকজন হাসনাত আবদুল্লাহ। তিনি নিয়ে গেছেন ১০ কোটি টাকা। তারা বৈষম্যবিরোধী সমন্বয়ের রাজনীতির কথা বললেও নিজেদের মধ্যে সেই সমন্বয় ছিল না।’
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, জেলা পরিষদের প্রশাসক মূলত উপজেলার জন্য বাজেট বরাদ্দের বিষয়টি উল্লেখ করেছেন। তবে ওই অর্থ কোনো ব্যক্তি হিসেবে তাকে দেওয়া হয়নি।
তিনি বলেন, ‘জেলা পরিষদের প্রশাসক যে কথা বলেছেন, তিনি সেটি দ্বারা উপজেলার জন্য বাজেট নেওয়ার কথা বুঝিয়েছেন। আর উপজেলার জন্য বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি। এ বাজেট কোনো ব্যক্তিকে দেওয়া হয় না, দেওয়া হয়েছে উপজেলাকে।’
দেবীদ্বার উপজেলার জন্য কোন খাতে এবং কী উদ্দেশ্যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, তার বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রয়েছে বলেও জানান তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেবীদ্বার উপজেলাকে কোন কোন খাতে, কোন কাজে টাকা দেওয়া হয়েছে, তার তালিকা জেলা প্রশাসনের কাছে আছে। উপজেলাও সে টাকা কোন খাতে, কত টাকা এবং কোথায় ব্যয় করেছে, তার হিসাব সংরক্ষণ করে। তারা চাইলে সেই তথ্য প্রকাশ করতে পারে।’
অভিযোগ ও পাল্টা বক্তব্যের পর বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।




























