যুক্তরাজ্যে আগস্টে বড় স্বস্তি, নির্ধারিত সময়ের আগেই মিলবে সরকারি ভাতা
- প্রকাশঃ ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩১
- / 7
লন্ডন, ১৭ আগস্ট, (প্রজন্ম কথা) – ব্যাংক হলিডের কারণে যুক্তরাজ্যে ৩১ আগস্ট পরিশোধের কথা থাকা সরকারি ভাতাগুলো নির্ধারিত সময়ের তিন দিন আগেই দেওয়া হবে। ফলে লাখো ভাতাপ্রাপ্ত ব্যক্তি আগামী ২৮ আগস্ট শুক্রবার তাঁদের অর্থ পাবেন বলে জানিয়েছে সরকার।
সরকারের ভিডাব্লিউপি বিভাগ জানিয়েছে, ব্যাংক হলিডের কারণে অর্থপ্রদানে কোনো বিঘ্ন যাতে না ঘটে এবং নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে পরিবারগুলো যাতে নিজেদের ব্যয়ের পরিকল্পনা করতে পারে, সে লক্ষ্যেই আগাম পরিশোধের ব্যবস্থা করা হয়েছে।
আগাম অর্থ পরিশোধের আওতায় রয়েছে ইউনিভার্সেল ক্রেডিট, স্টেট পেনশন, পার্সোনাল ইন্ডিপেনডেন্স পেমেন্ট (PIP), অ্যাটেনডেন্স অ্যালাউয়েন্স, কেয়ারার অ্যালাউয়েন্স, ডিজঅ্যাবিলিটি লিভিং অ্যালাউয়েন্স এবং শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ কর্মসূচির অর্থ।
সামাজিক নিরাপত্তা ও প্রতিবন্ধিতা বিষয়ক মন্ত্রী স্যার স্টিফেন টিমস বলেন, ব্যাংক হলিডের কারণে কোনো পরিবার বা বয়স্ক ব্যক্তি যেন তাঁদের প্রাপ্য অর্থ পেতে দেরির মুখে না পড়েন, সে কারণেই সরকার আগাম অর্থ দেওয়ার ব্যবস্থা করেছে।
তিনি আরও বলেন, জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় সরকার জ্বালানি বিল কমানো, জাতীয় ন্যূনতম মজুরি বৃদ্ধি, শিশু দারিদ্র্য কমানো এবং মানুষকে নিরাপদ কর্মসংস্থানে সহায়তার মতো বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।
আগামী ১ সেপ্টেম্বর ইংল্যান্ডের অধিকাংশ এলাকায় নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার কথা। এর আগে ভাতা হাতে পাওয়ায় স্কুলের পোশাক, বই-খাতা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর খরচ মেটাতে পরিবারগুলোর সুবিধা হবে বলে সরকারের পক্ষ থেকে আশা করা হয়েছে।
এদিকে সেপ্টেম্বর থেকে ইংল্যান্ডে স্কুল ইউনিফর্ম নিয়ে নতুন আইন কার্যকর হওয়ার কথা রয়েছে। নতুন নিয়মে বিদ্যালয়গুলো সর্বোচ্চ তিনটি লোগোযুক্ত ইউনিফর্ম বাধ্যতামূলক করতে পারবে। মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে অতিরিক্ত একটি টাই রাখার সুযোগ থাকবে।
সরকারের হিসাব অনুযায়ী, এই পরিবর্তনের ফলে কিছু পরিবারের প্রতি শিশুর জন্য প্রায় ৫০ পাউন্ড পর্যন্ত খরচ কমতে পারে।
ব্যাংক হলিডের কারণে যুক্তরাজ্যে সরকারি অর্থপ্রদানের তারিখ পরিবর্তন হওয়া নতুন কোনো বিষয় নয়। নির্ধারিত তারিখ ছুটির দিনে পড়লে সাধারণত আগের কর্মদিবসে অর্থ পরিশোধ করা হয়।
সূত্রঃ মেট্রো



























