কানাডায় পিএইচডি শিক্ষার্থীদের জন্য ৮ হাজার ২০০ কোটি টাকার বৃত্তি কর্মসূচি
- প্রকাশঃ ২২ অক্টোবর ২০২৬, ১৯:৫৮
- / 6
টরন্টো, ২২ অক্টোবর, (প্রজন্ম কথা) – পিএইচডি পর্যায়ে মেধাবী গবেষকদের আকৃষ্ট করতে ১০ কোটি কানাডীয় ডলারের বৃত্তি কর্মসূচি চালু করছে কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ২০০ কোটি টাকা। ‘প্রেসিডেন্টস ইমপ্যাক্ট স্কলারশিপ প্রোগ্রাম’ নামের এ কর্মসূচির আওতায় নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থী বছরে ৮০ হাজার কানাডীয় ডলার করে বৃত্তি পাবেন।
চার বছর মেয়াদি এ বৃত্তির আওতায় একজন শিক্ষার্থী মোট ৩ লাখ ২০ হাজার কানাডীয় ডলার পাবেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা। ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে এ কর্মসূচির আওতায় শিক্ষার্থী নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে।
কর্মসূচিটির মোট তহবিল ১০ কোটি কানাডীয় ডলার। এর মধ্যে কানাডার একটি পারিবারিক ফাউন্ডেশন ৫ কোটি কানাডীয় ডলার অনুদান দিচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সমপরিমাণ অর্থ দেবে। এভাবে যৌথ অর্থায়নে গড়ে উঠছে বৃত্তি তহবিলটি।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম তিন বছরে প্রতিবছর ১২ থেকে ১৩ জন নতুন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচন করা হবে। চতুর্থ বছরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫০-এ পৌঁছাবে। এরপর থেকে প্রতিবছর ৫০ জন শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় বৃত্তি পাওয়ার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এটি কানাডায় এ ধরনের সবচেয়ে বড় বৃত্তি কর্মসূচি। উচ্চতর গবেষণায় মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করা এবং তাঁদের গবেষণার সুযোগ বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
পিএইচডি পর্যায়ে গবেষণার ব্যয় বহনে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে গবেষক আকর্ষণের ক্ষেত্রেও এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয়টি।




























