নিউইয়র্কে প্রবীণদের জন্য বিনা মূল্যে বাসসেবা চালু করছে এনওয়াইইউ
- প্রকাশঃ ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৯
- / 5
নিউইয়র্ক, ৩০ অক্টোবর (প্রজন্ম কথা): নিউইয়র্কের ম্যানহাটন ও ব্রুকলিনের ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ বাসিন্দাদের জন্য বিনা মূল্যে বাসসেবা চালু করছে নিউইয়র্ক ইউনিভার্সিটি (এনওয়াইইউ)। আগামী ২ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে বিশ্ববিদ্যালয়ের সাতটি শাটল বাসের রুটে যাতায়াত করতে পারবেন প্রাথমিকভাবে নির্বাচিত ৫০ জন প্রবীণ। স্থানীয় কাউন্সিল সদস্য হার্ভি এপস্টেইনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় এ কর্মসূচি চালু করছে।
এনওয়াইইউ জানিয়েছে, ম্যানহাটনের কমিউনিটি বোর্ড ২ ও ৩ এবং ব্রুকলিনের কমিউনিটি বোর্ড ২-এর আওতাভুক্ত এলাকায় বসবাসকারী প্রবীণেরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে সর্বোচ্চ ৫০ জনকে সুযোগ দেওয়া হবে। আবেদন অনুমোদিত হলে তাঁদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেওয়া হবে। এরপর তাঁরা কোনো ভাড়া ছাড়াই শাটল বাসে চলাচল করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের সাতটি বাস রুট গ্রিনউইচ ভিলেজ, লোয়ার ইস্ট সাইড, চায়নাটাউনের কিছু অংশ, স্টুইভেস্যান্ট টাউন ও পিটার কুপার ভিলেজ এলাকা এবং ডাউনটাউন ব্রুকলিনের সঙ্গে সংযোগ তৈরি করবে।
কীভাবে আবেদন করবেন
কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী প্রবীণদের একটি সংক্ষিপ্ত কাগজের আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন যাচাই ও অনুমোদনের পর তাঁদের এনওয়াইইউর সহযোগী পরিচয়পত্র দেওয়া হবে। পরিচয়পত্র পাওয়ার পর তাঁরা বিনা মূল্যে শাটল বাস ব্যবহার করতে পারবেন।
আবেদনপত্র ও কর্মসূচির বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে: এনওয়াইইউর প্রবীণদের শাটল বাস কর্মসূচি
বাসের অবস্থান সরাসরি দেখতে এবং চলাচলসংক্রান্ত ঘোষণা জানতে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত মানচিত্রও ব্যবহার করতে পারবেন অনুমোদিত যাত্রীরা। শাটল বাসের সরাসরি অবস্থান দেখুন
কোন কোন পথে চলবে বাস
প্রবীণদের জন্য উন্মুক্ত করা সাতটি রুট হলো:
- রুট এ: ওয়াশিংটন স্কয়ার থেকে ডাউনটাউন ব্রুকলিন।
- রুট বি: ওয়াশিংটন স্কয়ারের দক্ষিণাঞ্চল।
- রুট সি: ওয়াশিংটন স্কয়ার থেকে স্টুইভেস্যান্ট টাউন।
- রুট ই: ওয়াশিংটন স্কয়ারের উত্তরাঞ্চল থেকে এনওয়াইইউ ল্যাঙ্গোন মেডিকেল সেন্টার।
- রুট এফ: ওয়াশিংটন স্কয়ারের উত্তরাঞ্চল দিয়ে থার্ড অ্যাভিনিউ বরাবর।
- রুট জি: ওয়েস্ট ভিলেজ থেকে গ্রিনউইচ রেসিডেন্স হল।
- রুট ডব্লিউ: সাপ্তাহিক ছুটির দিনের সেবা, যেখানে রুট বি, ই ও জি একত্র করা হয়েছে।
শিক্ষাবর্ষ চলাকালে সপ্তাহের কর্মদিবসে সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত শাটল বাস চলবে। সপ্তাহান্তে একটি রুট চালু থাকবে। তবে গ্রীষ্মকালীন ছুটি ও শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যান্য বিরতিতে সীমিত সেবা পাওয়া যাবে।
প্রবীণদের যাতায়াত সহজ করার উদ্যোগ
এনওয়াইইউর প্রেসিডেন্ট লিন্ডা জি. মিলস বলেন, বিশ্ববিদ্যালয় সব সময় আশপাশের মানুষের পাশে থাকার নতুন উপায় খোঁজে। স্থানীয় প্রবীণদের বিনা মূল্যে শাটল বাস ব্যবহারের সুযোগ তাঁদের দৈনন্দিন যাতায়াত সহজ করবে এবং কমিউনিটির মানুষের মধ্যে যোগাযোগ বাড়াবে। কাউন্সিল সদস্য হার্ভি এপস্টেইন ও স্থানীয় কমিউনিটি বোর্ডের কাছ থেকে পাওয়া ধারণাটি বাস্তবায়ন করতে পেরে বিশ্ববিদ্যালয় সন্তুষ্ট বলেও জানান তিনি।
কাউন্সিল সদস্য হার্ভি এপস্টেইন বলেন, স্থানীয় প্রবীণদের জন্য বিশ্ববিদ্যালয়ের বাসসেবা উন্মুক্ত করতে এনওয়াইইউ তাঁদের উদ্যোগে সাড়া দিয়েছে। এতে তাঁর নির্বাচনী এলাকার বাসিন্দারা আরও সহজে যাতায়াত করতে পারবেন। নির্দিষ্ট আয়ের ওপর নির্ভরশীল প্রবীণদের পরিবহন ব্যয়ের চাপ কমাতেও এ কর্মসূচি সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ম্যানহাটন বরোর প্রেসিডেন্ট ব্র্যাড হয়লম্যান-সিগাল বলেন, বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের ফলে স্থানীয় প্রবীণেরা সাতটি রুটে যাতায়াতের সুযোগ পাবেন। কমিউনিটির সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে প্রবীণদের চলাচলের সুবিধা বাড়ানোর জন্য এনওয়াইইউর প্রেসিডেন্ট ও কাউন্সিল সদস্য এপস্টেইনের ভূমিকার প্রশংসা করেন তিনি।
অঙ্গরাজ্যের সিনেটর এরিক বটচার বলেন, চিকিৎসকের কাছে যাওয়া, বাজার করা কিংবা সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার মতো ছোট দূরত্বের যাত্রাও অনেক প্রবীণের জন্য কঠিন হয়ে উঠতে পারে। বিনা মূল্যে শাটল বাস ব্যবহারের সুযোগ তাঁদের স্বাধীনভাবে চলাচল ও সামাজিক যোগাযোগ বজায় রাখতে সহায়তা করবে।
অঙ্গরাজ্যের সিনেটর অ্যান্ড্রু গুনার্ডেস, অ্যাসেম্বলিম্যান গ্রেস লি এবং নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য লিংকন রেস্টলারও উদ্যোগটির প্রশংসা করেছেন। তাঁদের মতে, এ কর্মসূচি প্রবীণদের যাতায়াত সহজ করার পাশাপাশি তাঁদের দৈনন্দিন জীবন ও সামাজিক যোগাযোগে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
নিউইয়র্কের মেয়রের কার্যালয়ের বিনা মূল্যে ও সহজলভ্য বাসসেবা উদ্যোগের জ্যেষ্ঠ উপদেষ্টা এলিজাবেথ অ্যাডামস বলেন, পরিবহন ব্যয় যেন মানুষের চলাচলের পথে বাধা না হয়, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।
বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের শাটল সেবা
এনওয়াইইউ নব্বইয়ের দশকের শুরু থেকে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের জন্য শাটল বাস পরিচালনা করে আসছে। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বছরে প্রায় পাঁচ লাখ যাত্রী এ সেবা ব্যবহার করেন। নিউইয়র্কের বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন, আবাসিক হল এবং অন্যান্য স্থাপনার মধ্যে যোগাযোগ সহজ করতেই এ ব্যবস্থা চালু করা হয়েছিল।
সময়ের সঙ্গে শাটল সেবার পরিধি বেড়েছে। বর্তমানে এটি বিশ্ববিদ্যালয়ের ওয়াশিংটন স্কয়ার ও ব্রুকলিন ক্যাম্পাসের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। নতুন পরীক্ষামূলক কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় এবার আশপাশের প্রবীণ বাসিন্দাদেরও এ সেবার আওতায় আনছে।
এনওয়াইইউর প্রধান টেকসই উন্নয়ন কর্মকর্তা সিসিল শাইব বলেন, এ কর্মসূচিতে স্থানীয় প্রবীণেরা বিনা মূল্যে ও পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ পাবেন। একই সঙ্গে লোয়ার ম্যানহাটন ও ডাউনটাউন ব্রুকলিনে ব্যক্তিগত গাড়ির চলাচল কমাতে এটি সহায়তা করতে পারে।
প্রাথমিকভাবে ৫০ জন প্রবীণকে নিয়ে শুরু হওয়া এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহনসেবা কতটা কার্যকর হয়, তা মূল্যায়নের সুযোগ তৈরি হবে। কর্মসূচির অভিজ্ঞতা ও ফলাফলের ভিত্তিতে ভবিষ্যতে আরও প্রবীণকে যুক্ত করার সম্ভাবনাও রয়েছে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
সূত্র: নিউইয়র্ক ইউনিভার্সিটির সংবাদ বিজ্ঞপ্তি
























