অভিজ্ঞ জনস্বাস্থ্য পেশাজীবীদের জন্য হার্ভার্ডে সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ
- প্রকাশঃ ২৮ অক্টোবর ২০২৬, ১৮:০৭
- / 4
কেমব্রিজ, ২৮ অক্টোবর, (প্রজন্ম কথা) – জনস্বাস্থ্য ও বৈশ্বিক স্বাস্থ্য খাতে অভিজ্ঞ পেশাজীবীদের নেতৃত্বের দক্ষতা বাড়াতে সম্পূর্ণ অর্থায়নে এক বছর মেয়াদি ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের ‘লিড ফেলোশিপ’ কর্মসূচিতে নিম্ন ও মধ্যম আয়ের দেশে কর্মরত যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইন প্রশিক্ষণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজে ছয় সপ্তাহের আবাসিক প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ থাকবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ নভেম্বর ২০২৬।
হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের উদ্যোগে এবং হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের বৈশ্বিক স্বাস্থ্য ও জনসংখ্যা বিভাগের সহযোগিতায় এ কর্মসূচি পরিচালিত হবে। জনস্বাস্থ্য খাতে নেতৃত্বের বিকাশ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ নারী নেতৃত্বকে এগিয়ে নিতে অভিজ্ঞ পেশাজীবীদের প্রস্তুত করা এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
ফেলোশিপের মেয়াদ ও সুযোগ-সুবিধা
কর্মসূচিটি শুরু হবে ২০২৭ সালের ১ সেপ্টেম্বর, চলবে ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত। পুরো এক বছর অনলাইনে বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ কার্যক্রমে অংশ নিতে হবে। এর মধ্যে ২০২৮ সালের এপ্রিলে হার্ভার্ডের কেমব্রিজ ক্যাম্পাসে ছয় সপ্তাহের সরাসরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
ফেলোরা ব্যক্তিগত নেতৃত্ব উন্নয়নে একক পরামর্শ, অভিজ্ঞ পেশাজীবীদের দিকনির্দেশনা, হার্ভার্ডের শিক্ষকদের পরিচালিত বিশেষ পাঠ ও মাস্টারক্লাসে অংশ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি নেতৃত্ববিষয়ক কর্মশালা, দলগত কার্যক্রম, বক্তব্য উপস্থাপনা, পেশাগত যোগাযোগ তৈরি এবং নিজস্ব প্রকল্প নিয়ে কাজ করার সুযোগ থাকবে।
আপনার মতামত ও যেকোন ধরণের আটিকেল লিখে পাঠিয়ে দিন আমাদের ইমেইল- projonmokothanews@gmail.com ঠিকানায়।
আবাসিক প্রশিক্ষণের জন্য নির্বাচিত ফেলোদের আন্তর্জাতিক যাতায়াতের বিমানভাড়া, আবাসন, ভিসা ফি, পাঠ্যক্রমের ব্যয় এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালে খাবার ও যাতায়াতসহ দৈনন্দিন খরচের জন্য ভাতা দেওয়া হবে। তবে কর্মসূচির আবাসিক অংশে অংশগ্রহণের জন্য নিজ প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে ছয় সপ্তাহের ছুটি বা সমমানের বিরতির ব্যবস্থা করতে হবে।
আবেদনের যোগ্যতা
এ ফেলোশিপে আবেদন করতে প্রার্থীদের নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে:
১. সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
২. বৈশ্বিক স্বাস্থ্য বা জনস্বাস্থ্য খাতে পূর্ণকালীন চাকরিতে নিয়োজিত থাকতে হবে।
৩. প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করার পর সংশ্লিষ্ট পেশায় অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষার্থী থাকাকালে অর্জিত কাজের অভিজ্ঞতা এ ক্ষেত্রে গণনা করা হবে না।
৪. নেতৃত্ব দেওয়ার উল্লেখযোগ্য অভিজ্ঞতা এবং ভবিষ্যতে নেতৃত্বের দক্ষতা আরও বিকাশের সম্ভাবনা থাকতে হবে।
৫. নিজ প্রতিষ্ঠানের পূর্ণ সমর্থন থাকতে হবে। প্রতিষ্ঠানের এমন একজন দায়িত্বশীল ব্যক্তিকেও সুপারিশকারী হিসেবে যুক্ত করতে হবে, যিনি আবেদনকারীর পেশাগত বিকাশে সহায়তা করতে পারবেন।
৬. যুক্তরাষ্ট্রের জে-১ ভিসা পাওয়ার যোগ্য হতে হবে এবং ২০২৮ সালের এপ্রিলে ছয় সপ্তাহ কেমব্রিজে অবস্থান করতে সক্ষম হতে হবে।
৭. আবাসিক প্রশিক্ষণে অংশ নিতে নিজ প্রতিষ্ঠান থেকে ছুটি বা সমমানের বিরতির অনুমোদন থাকতে হবে।
৮. হার্ভার্ডে ফেলোশিপ শুরুর আগের দুই বছরের মধ্যে চার মাস বা তার বেশি মেয়াদের কোনো পূর্ণকালীন ফেলোশিপে অংশ নেওয়া যাবে না।
৯. বর্তমানে নিম্ন বা মধ্যম আয়ের কোনো দেশে বসবাস ও কর্মরত থাকতে হবে এবং ফেলোশিপ শেষে নিজ দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা থাকতে হবে।
কর্মসূচিতে বিভিন্ন অঞ্চল, পেশা, শিক্ষাগত শাখা ও খাতের যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। সব লিঙ্গপরিচয়ের প্রার্থীর জন্য আবেদন উন্মুক্ত। তবে আবেদন করতে হবে নিজ উদ্যোগে।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনকারীদের জীবনবৃত্তান্ত, সর্বোচ্চ দেড় পৃষ্ঠার উদ্দেশ্যপত্র এবং নির্ধারিত চারটি বিষয়ে সংক্ষিপ্ত প্রবন্ধ জমা দিতে হবে। প্রবন্ধগুলোতে পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণের পরিকল্পনা, প্রস্তাবিত প্রকল্প, অন্যদের পরামর্শ দেওয়ার পরিকল্পনা এবং নিজ প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও দেশের ওপর ফেলোশিপের সম্ভাব্য প্রভাব তুলে ধরতে হবে।
এ ছাড়া নিজ প্রতিষ্ঠানের অঙ্গীকারপত্র, একজন পরামর্শদাতার সমর্থনপত্র এবং আরও দুটি সুপারিশপত্র প্রয়োজন হবে। এর মধ্যে অন্তত একটি সুপারিশপত্র বর্তমান বা সর্বশেষ কর্মস্থল থেকে নিতে হবে। প্রতিষ্ঠানের অঙ্গীকারপত্রে ২০২৮ সালের এপ্রিলে ছয় সপ্তাহের আবাসিক প্রশিক্ষণে অংশ নেওয়ার অনুমতিও নিশ্চিত করতে হবে।
আবেদনের শেষ সময় ও ফলাফল
আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট, (যুক্তরাষ্ট্রের ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী)। নির্বাচিত প্রার্থীদের ২০২৭ সালের বসন্তে ফলাফল জানানো হবে।
আগ্রহীদের হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের সরকারি ওয়েবসাইটে গিয়ে যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনের বিস্তারিত নির্দেশনা যাচাই করে আবেদন করতে হবে। আবেদনসংক্রান্ত প্রশ্নের জন্য প্রতিষ্ঠানটির নির্ধারিত ইমেইল ঠিকানায় যোগাযোগ করা যাবে।



























