ভারত শেখ হাসিনাকে দীর্ঘদিন ধরে এজেন্ট হিসেবে ব্যবহার করেছে: হাসনাত আব্দুল্লাহ
- প্রকাশঃ ০২:৫৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / 52
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বুধবার অভিযোগ করেছেন, ভারত দীর্ঘদিন ধরে শেখ হাসিনাকে বাংলাদেশে নিজেদের এজেন্ট হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, দেড় দশকেরও বেশি সময় ধরে দেশকে উপনিবেশিক রীতিতে পরিচালনা করা হয়েছে, যা স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।
দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত উঠান বৈঠকে তিনি আরও বলেন, দেশের সরকার ও ক্ষমতা নির্ধারণের একমাত্র অধিকার জনগণের। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করলে জনগণ তাদের সম্মান দেবে, অন্যথায় ইতিহাস কঠিন ফলাফল দেখাবে।
হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, বর্তমান সময়ে দেশ দুটি ধারায় বিভক্ত; একটি পক্ষ গোলামি ও পরাধীনতার পক্ষে, অন্যটি স্বাধীনতা ও স্বনির্ভর বাংলাদেশের পক্ষে। তিনি কিছু রাজনৈতিক শক্তিকে চাঁদাবাজ, মাফিয়া ও বিদেশি প্রভাবের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ করেন।
উঠান বৈঠকে দেবীদ্বার পৌর জামায়াতের নেতারা উপস্থিত থেকে আগ্রাসনবিরোধী ঐক্য জোরদার ও একটি স্বাধীন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।




























