তারেক রহমানের সঙ্গে জার্মানি ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- প্রকাশঃ ০১:৪২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / 63
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ এবং অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। শুক্রবার সন্ধ্যার পর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে এই দুই কূটনীতিক তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন,সহ দলের জ্যেষ্ঠ নেতারা।
দলীয় সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়। কূটনীতিকদের সঙ্গে রাজনৈতিক সংস্কার কার্যক্রম ও দলগুলোর প্রস্তুতির অগ্রগতিও আলোচনায় আসে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি এবং সংস্কার উদ্যোগের বিষয়ে খোঁজখবর নেন জার্মানি ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা।
এর আগে সন্ধ্যায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ও জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ গুলশানের কার্যালয়ে পৌঁছালে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাঁদের স্বাগত জানান। বৈঠক শেষে কূটনীতিকেরা কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করেই কার্যালয় ত্যাগ করেন।
প্রসঙ্গত, এর আগে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।




























