গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ২৭০ আসনে অ্যাম্বাসেডর নিয়োগ দেবে এনসিপি
- প্রকাশঃ ০৮:৫৬:০০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / 58
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। যেসব সংসদীয় আসনে দলটি প্রার্থী দিচ্ছে না, সেসব আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাতে ২৭০ জন ‘অ্যাম্বাসেডর’ বা প্রতিনিধি নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করতে এনসিপি আসনভিত্তিক পৃথক কর্মপদ্ধতি গ্রহণ করেছে।
যেসব আসনে এনসিপির নিজস্ব প্রার্থী রয়েছেন, সেখানে সংশ্লিষ্ট প্রার্থীর নেতৃত্বেই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালানো হবে। এসব আসনে প্রার্থীরা সরাসরি দলীয় কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ রেখে প্রচারণার নেতৃত্ব দেবেন।
অন্যদিকে, সংসদের মোট ৩০০ আসনের মধ্যে যেসব ২৭০ আসনে এনসিপির কোনো প্রার্থী নেই, সেসব আসনে দলীয় অ্যাম্বাসেডর বা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। এসব প্রতিনিধি স্থানীয় জনগণের মধ্যে এনসিপির রাজনৈতিক অবস্থান, গণভোটের গুরুত্ব এবং ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা তুলে ধরবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই কৌশলের মাধ্যমে সারা দেশে একটি সমন্বিত ও সর্বব্যাপী প্রচার কার্যক্রম নিশ্চিত করতে চায় এনসিপি। প্রার্থী থাকুক বা না থাকুক—সব আসনেই দলের অবস্থান ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বার্তা জনগণের কাছে স্পষ্টভাবে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।
এনসিপির দায়িত্বশীল এক নেতা জানান, শিগগিরই ২৭০ জন অ্যাম্বাসেডর বা প্রতিনিধির তালিকা প্রকাশ করা হবে। তাঁর মতে, এর ফলে এনসিপি সব আসনে প্রার্থী দেয়নি—এ ধরনের সমালোচনার সুযোগও কমে আসবে।




























