সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস
- প্রকাশঃ ০৬ অক্টোবর ২০২৬, ১০:১০
- / 7
ঢাকা, ৬ অক্টোবর, (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের সামাজিক যোগাযোগমাধ্যমসংক্রান্ত তথ্য সঠিকভাবে দেওয়ার বিষয়ে সতর্ক করেছে মার্কিন দূতাবাস। ভিসা আবেদনে প্রয়োজনীয় সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদান না করলে আবেদন প্রত্যাখ্যাত হতে পারে বলে জানিয়েছে দূতাবাস। এ ধরনের তথ্য যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন যাচাই ও নিরাপত্তা পরীক্ষার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ভিসা আবেদনের তথ্য কঠোরভাবে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আপনার ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদান না করলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য হতে পারেন।’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে অধিকাংশ যুক্তরাষ্ট্রের অভিবাসী ও অনভিবাসী ভিসা আবেদনকারীর কাছ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিতি বা শনাক্তকারী তথ্য নেওয়া হচ্ছে। আবেদনকারীদের গত পাঁচ বছরে ব্যবহৃত নির্ধারিত সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর ব্যবহারকারীর নাম, হ্যান্ডেল বা অন্যান্য পরিচিতি দিতে হয়। যেসব আবেদনকারী কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেননি, তারা ‘কোনোটিই নয়’ অপশন নির্বাচন করতে পারেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, ভিসা যাচাইয়ের সময় আবেদনকারীর দেওয়া তথ্যসহ বিভিন্ন উৎসের তথ্য ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য তিনি আইনগতভাবে যোগ্য কি না এবং জাতীয় নিরাপত্তা বা জননিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি করেন কি না, তা যাচাই করা হয়।
এ ছাড়া ২০২৬ সালের ১ অক্টোবর থেকে অনলাইন উপস্থিতি যাচাইয়ের আওতা আরও কিছু অনভিবাসী ভিসা শ্রেণিতে সম্প্রসারণ করা হয়েছে। এর মধ্যে বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য ‘আই’ ভিসা এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তির আওতাভুক্ত পেশাজীবীদের জন্য ‘টিএন’ ও তাদের নির্ভরশীলদের ‘টিডি’ ভিসা রয়েছে। এসব শ্রেণির আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের গোপনীয়তা সেটিংস ‘পাবলিক’ বা ‘ওপেন’ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির আবেদনকারীসহ বিভিন্ন শ্রেণির ভিসা আবেদনকারীদের ক্ষেত্রেও অনলাইন উপস্থিতি যাচাই সম্প্রসারিত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, ভিসা প্রদান একটি জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সিদ্ধান্ত এবং আবেদনকারীকে সংশ্লিষ্ট ভিসার জন্য নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, প্রয়োজনীয় তথ্য না থাকলে বা আবেদন অসম্পূর্ণ থাকলে ভিসা আবেদন ২২১(জি) ধারায় প্রত্যাখ্যাত হতে পারে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য বা নথি জমা দিলে আবেদন পুনরায় মূল্যায়ন করা যেতে পারে। তবে আবেদনে ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা বা মিথ্যা তথ্য দেওয়ার ঘটনা আলাদা ধরনের গুরুতর অযোগ্যতার কারণ হতে পারে।




























