যশোরের শার্শায় পরিত্যক্ত বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক গুরুতর আহত
- প্রকাশঃ ০৫:৩২:১০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 4
যশোরের শার্শা উপজেলায় মাটি কাটার সময় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পুটখালী ইউনিয়নের বালুন্ডা দক্ষিণ পাড়ার গনি ঢালির ভিটে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—বালুন্ডা গ্রামের আব্দুল বারীকের ছেলে জাকির হোসেন (৬৫) এবং একই গ্রামের মৃত নুজ্জাকের ছেলে আব্দুল কাদের (৬০)। তাঁরা দুজনই পেশায় মাটি কাটা শ্রমিক।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ওই ভিটে এলাকায় মাটি কাটার কাজ করছিলেন জাকির হোসেন ও আব্দুল কাদের। এ সময় আনুমানিক দেড় হাত গভীরে কোদালের আঘাতে মাটির নিচে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
পরে আহতদের তাৎক্ষণিকভাবে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, জাকির হোসেনের অবস্থা আশঙ্কাজনক। আহত দুজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিস্ফোরণের উৎস ও বোমাটি কীভাবে সেখানে এলো, তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।



























