খুলনায় যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে দুই হাতের রগ কাটলো দুর্বৃত্তরা
- প্রকাশঃ ০৪:৪৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / 76
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (ইনসেটে আহত আক্তার হোসেন)। ছবি: সংগৃহীত
খুলনার বটিয়াঘাটায় আক্তার হোসেন (৪০) নামে এক হোটেল কর্মচারীকে বাড়ি থেকে ডেকে নিয়ে অত্যন্ত নৃশংসভাবে দুই হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার দারোগার ভিটা এলাকার আলী নগর বিলে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।
আহত আক্তার হোসেন নগরীর গল্লামারী এলাকার চাঁদ আলী মোল্লার ছেলে। তিনি পেশায় একজন হোটেল শ্রমিক।
আহত আক্তার হোসেন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আক্তার নিজ বাড়িতেই ছিলেন। ওই সময় তার ভাগ্নে শাহেদের ৪-৫ জন বন্ধু জরুরি কথা আছে বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারা তাকে দারোগার ভিটা এলাকার নির্জন আলী নগর বিলের মধ্যে নিয়ে যায়। সেখানে পৌঁছানো মাত্রই কিছু বুঝে ওঠার আগে দুর্বৃত্তরা তাকে লাথি মেরে মাটিতে ফেলে দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই হাতের কব্জি ও রগ জখম করে।
আক্তারের আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন।
খুমেক হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক ডা. বাপ্পা রাজ জানান, ধারালো অস্ত্রের আঘাতে আক্তারের দুটি হাতই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে তার বাম হাতের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেওয়া হয়েছে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, হামলার শিকার আক্তার ও হামলাকারীরা একে অপরের পূর্ব পরিচিত। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঠিক কী কারণে বা কোন শত্রুতার জেরে এই নৃশংস হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ওসি আরও নিশ্চিত করেছেন যে, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান শুরু হয়েছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






























