যশোরে ব্যবসায়ী ও সাংবাদিককে ডেকে নিয়ে গলা কেটে হত্যা
- প্রকাশঃ ০১:১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / 75
যশোরের মনিরামপুরে এক বরফকল ব্যবসায়ী ও সাংবাদিককে ডেকে নিয়ে প্রকাশ্যে গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রানা প্রতাপ বৈরাগী (৩৮)। তিনি যশোরের কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে।
রানা প্রতাপ বৈরাগীর মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে একটি বরফ তৈরির কারখানা ছিল। পাশাপাশি তিনি নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে রানা প্রতাপ বৈরাগী তাঁর বরফকলে অবস্থান করছিলেন। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে একটি মোটরসাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত তাঁকে বরফকল থেকে ডেকে কপালিয়া বাজারের পশ্চিম পাশে কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনের একটি গলিতে নিয়ে যায়। সেখানে খুব কাছ থেকে তাঁর মাথায় গুলি করা হয় এবং গলা কেটে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর কপালিয়া বাজার ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, নিহত রানা প্রতাপ বৈরাগীর মাথায় তিনটি গুলির চিহ্ন রয়েছে এবং তাঁর গলা কাটা ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ওসি আরও জানান, নিহত ব্যক্তির বিরুদ্ধে অভয়নগর থানায় একটি এবং কেশবপুর থানায় তিনটি মামলা রয়েছে। তবে এসব মামলার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






























