ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ল প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
- প্রকাশঃ ০২:৪৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / 50
মৃত স্ত্রীর পেনশনের ফাইল ছাড় করাতে ঘুষ নেওয়ার অভিযোগে যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলমকে এক লাখ ২০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় যশোর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে অভিযান চালিয়ে দুদকের একটি দল তাঁকে আটক করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়।
দুদক সূত্র জানায়, যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরিনা আক্তার দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০২৫ সালের ২৩ আগস্ট মারা যান। মৃত্যুর পর তাঁর অবসরকালীন আজীবন পেনশনের জন্য স্বামী ও একই বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ নুরুনবী গত বছরের ৩০ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করেন।
অভিযোগে বলা হয়, আবেদন জমা দেওয়ার পর থেকেই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম নানা অজুহাতে পেনশনের ফাইলে স্বাক্ষর না করে গড়িমসি শুরু করেন। একপর্যায়ে ফাইল ছাড়ের জন্য তিনি এক লাখ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এতে বাধ্য হয়ে মোহাম্মদ নুরুনবী যশোর দুদক সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদনে বুধবার বিকেলে একটি দল জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অবস্থান নেয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী ঘুষের টাকা দেওয়ার সময় সন্ধ্যায় দুদকের কর্মকর্তারা মো. আশরাফুল আলমকে টাকাসহ হাতেনাতে আটক করেন।
অভিযানের সময় দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সালাহউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী শিক্ষক মোহাম্মদ নুরুনবী বলেন, পেনশনের ফাইলের জন্য তিনি অসংখ্যবার জেলা কর্মকর্তার দপ্তরে গেছেন। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মানসিকভাবে হেনস্তা করা হয় এবং শাস্তিমূলকভাবে বদলি করা হয়। বাধ্য হয়েই তিনি ঘুষের টাকা নিয়ে গেলে দুদক অভিযান চালায়।
দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, এ ঘটনায় দুদক কার্যালয়ে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলাকালে সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






























