বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাব না—প্রতিজ্ঞায় অটল থাকা নিজাম মারা গেছেন
- প্রকাশঃ ০৭:৫৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / 57
বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসা ঝিনাইদহের মহেশপুর উপজেলার নিজাম উদ্দিন মণ্ডল (৬৫) মারা গেছেন। শুক্রবার ভোরে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
নিজাম উদ্দিন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩১ মে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ গ্রামে দোয়া মাহফিল ও খাবারের আয়োজন করা হয়। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে গিয়ে রান্না করা খাবার ফেলে দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় চরমভাবে ক্ষুব্ধ ও অপমানিত হয়ে নিজাম উদ্দিন প্রতিজ্ঞা করেন—যত দিন বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসবে, তত দিন তিনি ভাত মুখে তুলবেন না।
এরপর টানা প্রায় ১১ বছর ধরে তিনি ভাত বাদ দিয়ে রুটি, চিড়া, গুড়, কলা ও অন্যান্য শুকনা খাবার খেয়ে জীবনযাপন করেন।
নিজাম উদ্দিনের ছেলে শাহ আলম বলেন, “বাবাকে ভাত খাওয়ানোর জন্য পরিবার থেকে বহুবার চেষ্টা করা হয়েছে। চিকিৎসকরাও ভাত খেতে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু বাবা বলতেন, ‘প্রতিজ্ঞা ভাঙলে আমি নিজের কাছেই ছোট হয়ে যাব।’ শেষ দিন পর্যন্ত নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তিনি।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ভাত না খাওয়ার কারণে বাবার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা শারীরিক জটিলতা দেখা দেয়।
পরিবারের ভাষ্যমতে, ২০২৫ সালের অক্টোবরে নিজাম উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তিনি চিকিৎসার দায়িত্ব নেন। তাঁর নির্দেশনায় ফরিদপুর ও ঢাকায় উন্নত চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে নিজ বাড়িতে ফেরেন নিজাম উদ্দিন। পরে শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়।
নিজাম উদ্দিনের মৃত্যুর খবরে তাঁর বাড়িতে ভিড় করেন রাজনৈতিক নেতা-কর্মী, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বিএনপি নেতা জিয়াউর রহমান বলেন, “নিজাম উদ্দিনের এই আত্মত্যাগ দলের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।” তাঁর জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন বলে জানান তিনি।






























