প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের অভিযোগ, গাইবান্ধায় আটক ৫২
- প্রকাশঃ ০২:৪৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / 48
গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার ও মোবাইল ফোনের মাধ্যমে নকল করার অভিযোগে ৫২ জনকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে একাধিক ব্লুটুথ ডিভাইস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে জেলার তিন উপজেলায় একযোগে অনুষ্ঠিত এ নিয়োগ পরীক্ষাকালে বিভিন্ন কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪৯ জন পরীক্ষার্থী এবং কেন্দ্রের বাইরে সন্দেহজনকভাবে অবস্থানের দায়ে ৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১৭ জন নারী রয়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ চন্দ্র কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, গাইবান্ধা জেলায় চার শতাধিক শূন্য পদের বিপরীতে ২৭ হাজার ৬৬৬ জন আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ২২ হাজার ৬৭ জন। বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জেলার তিন উপজেলায় ৪৩টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ৩৭ জন, পলাশবাড়ী উপজেলায় ১২ জন এবং ফুলছড়ি উপজেলায় ৩ জন। তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম বলেন, পরীক্ষাকেন্দ্রের প্রবেশ গেটে তল্লাশির সময়, হলরুমে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে উত্তর আদান–প্রদান এবং কানের ভেতরে গোপনে ডিজিটাল ডিভাইস রাখার অভিযোগে ৫২ জনকে আটক করা হয়েছে। অনেকের কানে ডিভাইস পাওয়া গেছে। আটক ব্যক্তিদের বর্তমানে থানায় হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, আটক পরীক্ষার্থীদের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।






























