কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের ১২টি বসতঘরসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর গতিয়াসাম গ্রামে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো হানিফ আলী ও তাঁর তিন ছেলের পরিবার এবং এরশাদ আলীর পরিবার। আগুনে তাদের বসতঘরের আসবাবপত্র, ধান-চাল, কাপড়চোপড় ও নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে হঠাৎ একটি ঘর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং একের পর এক ঘরে আগুন ধরে যায়। চরাঞ্চল হওয়ায় পানি ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রায় সব মালামাল পুড়ে যায়।
ভুক্তভোগী এরশাদ আলী ও হানিফ আলী বলেন, পাঁচটি পরিবারের ১২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছি। সন্তানদের নিয়ে কোথায় থাকব, কীভাবে চলব—তা বুঝতে পারছি না। নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অবগত হওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কম্বল ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, বুধবার সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।






























