জুলাই গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রথম জামিন পেলেন আসামি
- প্রকাশঃ ০৭:৪২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / 29
জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথমবারের মতো এক আসামিকে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা হুমায়ুন কবির পাটোয়ারীকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। জুলাই গণহত্যা মামলায় এটিই প্রথম জামিনের আদেশ।
রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
জামিন আবেদনে হুমায়ুন কবির পাটোয়ারীর আইনজীবী জানান, তার মক্কেল লিভার সিরোসিসে আক্রান্ত। একই রোগে আসামির দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। এ বিষয়ে প্রসিকিউশনের বক্তব্য জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মিজানুল ইসলাম বলেন, গুরুতর অসুস্থতার বিষয়ে হাসপাতালের প্রতিবেদন দাখিল করা হয়েছে। এ কারণে জামিন আবেদনের বিরোধিতা করা যাচ্ছে না। তবে তিনি শর্ত আরোপের দাবি জানান, যাতে আসামি অন্য কোনো আসামির সঙ্গে যোগাযোগ করতে না পারেন।
উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন। শর্ত অনুযায়ী, আসামিকে তার বাসার ঠিকানা জানাতে হবে এবং তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে অবহিত না করে বাসা পরিবর্তন করা যাবে না। গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের বক্তব্য দেওয়া যাবে না। মামলার সাক্ষ্য ও প্রমাণ প্রভাবিত করার চেষ্টা করা যাবে না। এসব শর্ত ভঙ্গ হলে তদন্ত কর্মকর্তা তাৎক্ষণিকভাবে আসামিকে গ্রেপ্তার করতে পারবেন।
জামিনপ্রাপ্ত হুমায়ুন কবির পাটোয়ারী লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং একই উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। লক্ষ্মীপুরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা অন্য মামলায় তাকে ২০২৪ সালের আগস্টে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় তাকে গ্রেপ্তার দেখান ট্রাইব্যুনাল। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
এ মামলার অপর আসামিরা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম।






























