বিয়ে করে ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না গায়ক নোবেল
- প্রকাশঃ ০৩:০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 111
ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগে আলোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল ওরফে নোবেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গত ২৯ নভেম্বর ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিযোগপত্রটি জমা দেন।
সোমবার (১৫ ডিসেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) ইলামনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ২৮ ডিসেম্বর অভিযোগপত্রটি আদালতে উপস্থাপন করা হবে। পরবর্তী সময়ে মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হবে।
নোবেলের আইনজীবী মোসতাক আহমেদ জানান, ধর্ষণ মামলার বাদীকে নোবেল ইতোমধ্যে বিয়ে করেছেন এবং বর্তমানে তারা সংসার করছেন। তবে অভিযোগপত্র দাখিলের ফলে মামলার কার্যক্রম অব্যাহত থাকবে।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে ওই ছাত্রী নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। গ্রেপ্তারের পর নোবেল কারাগারে পাঠানো হলে বিয়ের শর্তে তিনি জামিনে মুক্তি পান। পরে ১৯ জুন ঢাকার কেন্দ্রীয় কারাগারে ১০ লাখ টাকা দেনমোহরে বাদীকে বিয়ে করেন নোবেল।
অভিযোগপত্রে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালের ১২ নভেম্বর নোবেল তার স্টুডিও দেখানোর কথা বলে ছাত্রীকে ডেমরার একটি বাসায় নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে মোবাইল ফোন ও টাকা কেড়ে নেন। পরবর্তীতে ধর্ষণ করেন এবং তা ভিডিও ধারণ করেন। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে দীর্ঘদিন নিয়ন্ত্রণে রাখার অভিযোগ রয়েছে।
এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, ওই ছাত্রীকে প্রায় ছয় মাস ধরে ওই বাসায় আটকে রেখে নির্যাতন করা হয়। নোবেল নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন সময় মারধর করতেন বলেও অভিযোগপত্রে উল্লেখ আছে। ভিডিও ছড়িয়ে পড়লে বাদীর পরিবার বিষয়টি জানতে পারে এবং পুলিশের সহায়তায় গত ১৯ মে তাকে উদ্ধার করা হয়।
তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়েছে, বাদীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। নোবেল বর্তমানে জামিনে রয়েছেন। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, এই অপরাধে নোবেলকে সহায়তা করা কয়েকজন ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ভবিষ্যতে তাদের শনাক্ত করা গেলে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে।
এদিকে নোবেলের আইনজীবী দাবি করেছেন, যেহেতু নোবেল বাদীকে বিয়ে করে সংসার করছেন, তাই বিচারিক ট্রাইব্যুনালে আপসনামা হলে মামলা নিষ্পত্তি হতে পারে।






























