শাকিব খানের ছবিতে পাকিস্তানি নায়িকা হানিয়া আমির থাকার সম্ভাবনা
- প্রকাশঃ ০৩:২৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / 34
ঢালিউড মেগাস্টার শাকিব খানের আসন্ন রোমান্টিক ঘরানার একটি সিনেমায় পাকিস্তানি নায়িকা দেখা যেতে পারে—এমন গুঞ্জনেই এখন সরগরম চলচ্চিত্র অঙ্গন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, চলতি বছরই নতুন এই সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে এবং ছবিটি মুক্তি পেতে পারে একই বছরে।
নায়কের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সিনেমাটির জন্য ইতোমধ্যে কয়েকজন পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম নাম পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির।
জানা গেছে, গত বছর বাংলাদেশ সফরের সময় শাকিব খানের সঙ্গে একটি সিনেমায় কাজ করার প্রস্তাব পেয়েছিলেন হানিয়া আমির। মৌখিকভাবে সেই প্রস্তাব দেওয়া হলে অভিনেত্রীর টিম থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যায়। যদিও এখনো আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়নি, তবুও প্রাথমিকভাবে শাকিব–হানিয়া জুটির সিনেমাটি অনেকটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল বলে জানা গেছে।
সূত্রের ভাষ্যমতে, হানিয়া আমির আগামী কয়েক মাসের মধ্যে ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন। দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করার প্রস্তুতি থাকায় তার সময়সূচি নিয়ে কিছু অনিশ্চয়তা রয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সময় মিললে শাকিব খানের বিপরীতে তাকে রোমান্টিক চরিত্রে দেখা যেতে পারে। এ কারণেই সিনেমাটি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি পরিচালক কিংবা শাকিব খান টিমের কেউ।
সূত্র আরও জানায়, শাকিব খানের বিপরীতে হানিয়া আমির অথবা পাকিস্তানের অন্য কোনো পরিচিত মুখ থাকবেন-এটি প্রায় নিশ্চিত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণার জন্য দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
এদিকে শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স-এর শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর। পাশাপাশি এই সুপারস্টারের আরেক সিনেমা ‘সোলজার’ মুক্তির অপেক্ষায় রয়েছে।



























