মধ্যরাতে গুলি! সালমানের পর এবার রোহিত শেঠি
- প্রকাশঃ ০১:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / 12
শনিবার রাতে রোহিত শেঠির বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। কোলাজ
মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠির বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার গভীর রাতে, আনুমানিক দিবাগত রাত ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা তাঁর বাসভবনের সামনে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পরপরই পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা জোরদার করা হয়। বর্তমানে রোহিত শেঠির বাড়ির বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই হামলার পেছনে কারা জড়িত এবং উদ্দেশ্য কী—তা এখনো নিশ্চিত নয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী দায় স্বীকার করেনি।
রোহিত শেঠি জুহু এলাকায় বসবাস করেন, যেখানে বহু বলিউড তারকার বাসভবন রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে।
এর আগেও সাম্প্রতিক সময়ে বিনোদন জগতের একাধিক তারকার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ১৪ এপ্রিল বলিউড সুপারস্টার সালমান খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো হয়। ওই ঘটনার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাং। মামলায় দুজনকে গ্রেপ্তার করা হলেও পরে তাঁরা জামিনে মুক্তি পান।
এ ছাড়া অভিনেত্রী দিশা পাটানির উত্তর প্রদেশের বরেলির বাড়ির বাইরেও গুলিবর্ষণের ঘটনা ঘটে, যার দায়ও বিষ্ণোই গ্যাং স্বীকার করে। অভিযুক্ত দুই হামলাকারী পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন। কানাডায় কৌতুকশিল্পী কপিল শর্মার ক্যাফেতে তিন দফা গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং পাঞ্জাবি সংগীতশিল্পী এপি ধিলোঁর বাড়ির বাইরেও গুলি চালানোর দায় নেয় একই গোষ্ঠীর সঙ্গে যুক্ত রোহিত গোদারা।

পাশাপাশি গুরুগ্রামে ইউটিউবার এলভিশ যাদবের বাড়ির বাইরেও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, যেখানে একজনকে গ্রেপ্তার করা হলেও হামলার দায় কেউ স্বীকার করেনি।
রোহিত শেঠির বাড়ির বাইরে সর্বশেষ গুলিবর্ষণের ঘটনাটি ঘিরে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি রোহিত শেঠি।



























