এআই ব্যবহার করে ঘরে বসেই আয়ের নতুন সুযোগ, যেভাবে শুরু করবেন
- প্রকাশঃ ০২ অগাস্ট ২০২৬, ২০:৪৬
- / 9
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন শুধু প্রযুক্তির উন্নয়ন নয়, বরং নতুন প্রজন্মের জন্য আয়ের অন্যতম মাধ্যম হয়ে উঠছে। আগে যেখানে ফ্রিল্যান্সিং বা কনটেন্ট তৈরির দক্ষতা অর্জনে দীর্ঘ সময় প্রয়োজন হতো, এখন বিভিন্ন এআই টুলের সহায়তায় তুলনামূলক কম সময়ে আন্তর্জাতিক মানের কাজ করা সম্ভব হচ্ছে।
গেম ডেভেলপার ও প্রশিক্ষক শেখ সোহেলের মতে, চ্যাটজিপিটি, ক্যানভাসহ বিভিন্ন এআই টুল সঠিকভাবে ব্যবহার করতে পারলে শিক্ষার্থীরা ঘরে বসেই আন্তর্জাতিক বাজারে কাজের সুযোগ তৈরি করতে পারেন। এআই ব্যবহার করে আয়ের বড় একটি ক্ষেত্র হলো কনটেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং ও এসইও–ভিত্তিক লেখালেখি। চ্যাটজিপিটি বা ক্লডের মতো এআই টুল ব্যবহার করে ব্লগ, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য মানসম্মত কনটেন্ট তৈরি করা যায়।
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠান এসইও–বান্ধব নিবন্ধ, পণ্য বিবরণী ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট তৈরির জন্য লেখক খুঁজে থাকে। প্রয়োজনীয় দক্ষতা থাকলে এ ধরনের কাজ থেকে আয় করা সম্ভব।
যাঁদের ডিজাইনে আগ্রহ রয়েছে, তাঁরা ক্যানভা এআই ব্যবহার করে লোগো, টি-শার্ট ডিজাইন, ডিজিটাল আর্ট কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট তৈরি করে আয় করতে পারেন। এসব ডিজাইন স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান, ই-কমার্স পেজ কিংবা আন্তর্জাতিক ডিজিটাল মার্কেটপ্লেসে বিক্রি করা যায়।
এআইয়ের কারণে গেম ডেভেলপমেন্টও আগের তুলনায় সহজ হয়েছে। গেমের গল্প, চরিত্র, গেমপ্লে ধারণা এবং প্রয়োজনীয় কোড তৈরিতে চ্যাটজিপিটির মতো এআই সহকারী ব্যবহার করা যায়। নতুন ডেভেলপাররাও এখন ইউনিটি বা আনরিয়েল ইঞ্জিনের মাধ্যমে তুলনামূলক দ্রুত গেম তৈরি করে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে প্রকাশ করতে পারেন।
গেমে বিজ্ঞাপন যুক্ত করা, ইন-অ্যাপ পারচেজ সুবিধা রাখা কিংবা ডিজিটাল অ্যাসেট বিক্রির মাধ্যমেও আয় করা সম্ভব। ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রেও এআই নতুন সম্ভাবনা তৈরি করেছে। ইনভিডিওর মতো এআই টুল ব্যবহার করে স্ক্রিপ্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরি করা যায়। ফলে পেশাদার ভিডিও এডিটিংয়ের অভিজ্ঞতা কম থাকলেও আকর্ষণীয় ভিডিও কনটেন্ট তৈরি করা সম্ভব।
এ ছাড়া এআই প্রশিক্ষণের জন্য ডেটা লেবেলিং, এআই ট্রেনার ও ভাষাভিত্তিক ডেটা তৈরির মতো খণ্ডকালীন কাজের সুযোগও বাড়ছে।
আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে গবেষণা সহকারীর কাজের চাহিদাও রয়েছে। চ্যাটজিপিটি বা ক্লড ব্যবহার করে দীর্ঘ গবেষণাপত্র সংক্ষেপ করা, সাহিত্য পর্যালোচনা তৈরি করা এবং তথ্য সাজানোর কাজ দ্রুত করা যায়। ফাইভার ও আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মে গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন কাজে সহায়তা করে আয় করার সুযোগ রয়েছে।
বিশ্বজুড়ে ইংরেজি শেখার চাহিদা থাকায় এআই ব্যবহার করে অনলাইন শিক্ষাদানের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হয়েছে। চ্যাটজিপিটি বা এআই টিউটরিং টুলের সাহায্যে সহজে পাঠ পরিকল্পনা, কুইজ ও স্পোকেন ইংলিশের অনুশীলনী তৈরি করা যায়। এসব কনটেন্ট ব্যবহার করে অনলাইন কোর্স চালু করা, সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামূলক ভিডিও তৈরি করা কিংবা আন্তর্জাতিক টিউটরিং প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এআই নিজে কোনো কাজের বিকল্প নয়; বরং দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারলে এটি কাজের গতি বাড়ায় এবং নতুন আয়ের পথ তৈরি করে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারলে তরুণদের জন্য এআই হতে পারে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্র।























