২০৩৯ সালে একই ইংরেজি বছরে তিন ঈদ ও দুই হজ, বিরল ধর্মীয় অভিজ্ঞতা
- প্রকাশঃ ০২:৫৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / 23
২০৩৯ সালে মুসলমানরা এক ইংরেজি বছরে তিনটি ঈদ এবং দুইবার হজ পালনের বিরল সুযোগ পাবেন। ইসলামী বর্ষপঞ্জি (হিজরি) ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সময়গত পার্থক্যের কারণে এই অনন্য ধর্মীয় চক্র তৈরি হচ্ছে।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০৩৯ সালের ৬ জানুয়ারি প্রথম ঈদুল আজহা অনুষ্ঠিত হবে (হিজরি ১৪৬০ সনের ১০ জিলহজ)। একই ইংরেজি বছরের মধ্যে হিজরি বর্ষপঞ্জি পূর্ণ একটি চক্র শেষ করে ২৬ ডিসেম্বর দ্বিতীয়বার হজ ও দ্বিতীয় ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এর আগে ১৯ অক্টোবর ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সৌদি আরবের খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানী ড. আবদুল্লাহ আল-মিসনাদ জানান, হিজরি ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পার্থক্যের কারণে প্রতি বছর ইসলামি মাসগুলো প্রায় ১০–১১ দিন এগিয়ে আসে। ফলে একই বছরে একাধিক ধর্মীয় অনুষ্ঠান পালিত হওয়ার বিরল সুযোগ তৈরি হয়।
এই দুই ঈদুল আজহার আগে দুটি আলাদা আরাফার দিনও থাকবে। আরাফার দিন হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেখানে লাখো হাজি আরাফাতের ময়দানে একত্রিত হয়ে ইবাদত ও দোয়ায় মগ্ন থাকেন।
বিশেষজ্ঞরা আরও জানান, হিজরি ক্যালেন্ডার চাঁদের গতির ওপর নির্ভরশীল হওয়ায় এতে বছরে থাকে ৩৫৪ বা ৩৫৫ দিন, আর সূর্যভিত্তিক গ্রেগরিয়ান বছরে থাকে ৩৬৫ বা ৩৬৬ দিন। এই ব্যবধানের কারণে প্রতি নির্দিষ্ট সময় পরপর একই বছরে একাধিক রমজান, হজ বা ঈদ একসঙ্গে দেখা যায়, যা ধর্মীয় ও বৈজ্ঞানিক দিক থেকে গুরুত্বপূর্ণ।
পাশাপাশি ২০৩০ সালে একই ইংরেজি বছরে দুইবার রমজান মাস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে এমন ঘটনা ঘটেছিল ১৯৯৭ সালে, প্রায় ৩৩ বছর আগে।
এই বিরল ধর্মীয় চক্র মুসলমানদের জন্য আধ্যাত্মিকভাবে অনন্য অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে।
সূত্র: গালফ নিউজ




























