জাতীয় ফুটসাল দলে ক্ষুদে প্রবাসী ফুটবলার ইমান আলম
- প্রকাশঃ ১০:৫৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / 92
দক্ষিণ এশিয়ান ফুটসাল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বড় চমক দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মঙ্গলবার ঘোষিত ১৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন লন্ডন প্রবাসী তরুণ ফুটবল প্রতিভা ইমান মোহাম্মদ আলম। মাত্র ১৯ বছর বয়সী এই ফুটবলারকে ঘিরেই এখন স্বপ্ন দেখছে দেশের ফুটবলপ্রেমীরা।
মাত্র ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার ইমান আলম মাঠে তার অসাধারণ ড্রিবলিং, বিদ্যুৎগতি এবং নিখুঁত ফিনিশিংয়ের জন্য ইতোমধ্যে নজর কেড়েছেন। ইংল্যান্ডের কেন্ট ইউনাইটেড ফুটসাল ক্লাবের এই নিয়মিত মুখ সেখানে এতটাই সমাদৃত ছিলেন যে, ইংল্যান্ডের যুব ফুটসাল দলেও ডাক পেয়েছিলেন তিনি। তবে শিকড়ের টানে লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে সম্প্রতি বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করেন তিনি। তার খেলার শৈলী দেখে ফুটবল পাড়ায় ইতোমধ্যেই তাকে ‘দেশি নেইমার’ বলে আখ্যা দেওয়া হচ্ছে।
থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য ইরানি হেডকোচ সাঈদ খোদারাহমি এবং সহকারী কোচ ইমরানুর রহমানের তত্ত্বাবধানে দল ঘোষণা করা হয়েছে। দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ মো. রাহবার ওয়াহেদ খান।
চূড়ান্ত ১৬ সদস্যের উল্লেখযোগ্যরা হলেন: মো. রাহবার ওয়াহেদ খান (অধিনায়ক), ইনতিসার মোস্তফা চৌধুরী, মো. তুহিন, কাজী ইব্রাহিম আহমেদ, মো. রাশেদুল ইসলাম, মো. মঈন আহমেদ, তাজওয়ার বিন কাশেম, ফয়সাল আহমেদ, ইমান মো. আলম, ফয়সাল হোসেন এবং ফায়েদ আজিম।
থাইল্যান্ডের আসরে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। লেফট উইং এবং অ্যাটাকিং মিডফিল্ডে খেলা ইমান আলমের অন্তর্ভুক্তি বাংলাদেশের আক্রমণভাগকে অনেক বেশি শক্তিশালী ও শাণিত করবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
সংশ্লিষ্টরা আশা করছেন, ইমান আলমের মতো প্রবাসী প্রতিভারা জাতীয় দলে যুক্ত হওয়ার ফলে দক্ষিণ এশিয়ান ফুটসালের মানচিত্রে বাংলাদেশ নতুন এক উচ্চতায় পৌঁছাবে।






























