আইসিসিকে রাজি করাতে নতুন উদ্যোগ বিসিবির
- প্রকাশঃ ১১:৫২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / 32
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেও বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। বরং ম্যাচের ভেন্যু পরিবর্তনের দাবিতে নতুন উদ্যোগ নিয়েছে বিসিবি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন,
“আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই।”
এর মাধ্যমে আইসিসি ভেন্যু পরিবর্তনের অনুরোধ না মানলেও বাংলাদেশ যে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না—সে অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।
বিসিবি সূত্রে জানা গেছে, নিজেদের অবস্থান স্পষ্ট করে আইসিসির কাছে পুনরায় ই-মেইল পাঠিয়েছে বিসিবি। সেখানে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবিটি আইসিসির স্বাধীন ‘ডিসপিউট রেজোল্যুশন কমিটি’র কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। আইসিসির কোনো সিদ্ধান্ত বা বিষয়ে বিতর্ক দেখা দিলে স্বাধীন আইনজীবীদের সমন্বয়ে গঠিত এই কমিটি বিষয়টির নিষ্পত্তি করে থাকে।
বিসিবির আশা, আইসিসি তাদের অনুরোধে সাড়া দিয়ে ভেন্যু পরিবর্তনের বিষয়টি ডিসপিউট রেজোল্যুশন কমিটিতে পাঠাবে। তবে এ বিষয়ে আইসিসি আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি। একইভাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)ও শুরু থেকেই নীরব অবস্থানে রয়েছে।
আইসিসি যদি শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তনের দাবি গ্রহণ না করে, তবে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল। টুর্নামেন্টের প্রথম পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই নির্ধারিত ছিল ভারতের দুটি শহর—কলকাতার ইডেন গার্ডেন্স ও মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
এ অবস্থায় ভেন্যু পরিবর্তনের দাবিতে বিসিবির নতুন পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন।






























