বিতর্কিত মন্তব্যের জেরে ক্রিকেটারদের দাবির মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি পাওয়া বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় অংশ নেন নাজমুল ইসলাম। ওই সভাতেই তাকে আবার অর্থ বিভাগের দায়িত্ব দেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি নিজেই।
সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন,
‘এম নাজমুল ইসলামের কাছে বোর্ড যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল, তিনি তার লিখিত জবাব শৃঙ্খলা বিভাগের কাছে জমা দিয়েছেন। শৃঙ্খলা বিভাগ বিষয়টি পর্যালোচনা করে জানিয়েছে, তার জবাব সন্তোষজনক ছিল।’
নাজমুল ইসলামকে ঘিরে বিতর্কের সূত্রপাত ক্রিকেটারদের উদ্দেশে করা কিছু অসৌজন্যমূলক মন্তব্যকে কেন্দ্র করে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলেও মন্তব্য করেন তিনি, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
ক্রিকেটারদের স্বার্থরক্ষায় কাজ করা সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি মোহাম্মদ মিঠুন নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে ১৫ জানুয়ারি বিপিএল বয়কট করেন মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজসহ কয়েকজন ক্রিকেটার।
ঘটনার পর নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয় তাকে। ১৮ জানুয়ারি বিসিবির সভাপতি ফয়জুর রহমান মিতু জানান, বোর্ড নাজমুল ইসলামের জবাবপত্র পেয়েছে।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, কোনো পরিচালককে সরাসরি অব্যাহতি দেওয়ার ক্ষমতা বোর্ডের নেই। একজন পরিচালক চার বছরের জন্য নির্বাচিত হন। শুধুমাত্র মৃত্যু, মানসিক ভারসাম্যহীনতা, শৃঙ্খলাজনিত শাস্তি, দেউলিয়া ঘোষণা, অথবা পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে পরিচালক পদ শূন্য ঘোষণা করা যেতে পারে।
এই প্রেক্ষাপটে শৃঙ্খলা বিভাগের সন্তোষজনক ব্যাখ্যার ভিত্তিতে এম নাজমুল ইসলামকে পুনরায় অর্থ বিভাগের দায়িত্বে ফিরিয়ে আনা হলো বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।






























