ফুটবল ও ফুটসাল – দুই খেলার প্রধান পার্থক্য যা যা
- প্রকাশঃ ০১:২০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / 17
ফুটসাল হচ্ছে ফুটবলের একটি সংক্ষিপ্ত রূপ, যেখানে খেলোয়াড়দের বল নিয়ন্ত্রণ এবং দ্রুত খেলার দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ছোট মাঠ এবং সীমিত সংখ্যক খেলোয়াড়ের মাধ্যমে (সাধারণত ৫ জন) খেলা হয় ফুটসাল। সর্বোচ্চ ১২ জন পর্যন্ত খেলোয়াড় ব্যবহার করা যায় এবং খেলোয়াড়দের অগণিত বদলি করা সম্ভব।
ফুটসালের যাত্রা শুরু হয় ১৯৩০ সাল থেকে, এবং দ্রুতই এটি বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে ওঠে। ফুটবল এবং ফুটসালের সবচেয়ে বড় পার্থক্য হলো মাঠের আকার। ফুটসালের মাঠ সাধারণত ২৭ গজ দৈর্ঘ্য ও ১৭ গজ প্রস্থ থেকে শুরু হয়ে ৪২ গজ দৈর্ঘ্য ও ২৭ গজ প্রস্থ পর্যন্ত হতে পারে, যা ফুটবল মাঠের তুলনায় অনেক ছোট।
ফুটসাল সাধারণত কৃত্রিম টার্ফ বা ঘাসের মাঠে খেলা হয়। কিছু ক্ষেত্রে শক্ত পৃষ্ঠ যেমন ভিনাইল বা প্লাস্টিক দিয়েও মাঠ তৈরি করা হয়। খেলায় ব্যবহৃত বলের ওজন ৪০০ থেকে ৪৪০ গ্রাম পর্যন্ত এবং মোট খেলার সময় ৪০ মিনিট, ২০ মিনিট বিরতিসহ।
ফুটসালের নিজস্ব নিয়মও রয়েছে। পেনাল্টি শট পোস্টের ৬ মিটার দূর থেকে নেওয়া হয়। এক অর্ধে যদি একটি দল ৬ বা তার বেশি ফাউল করে, তবে প্রতিপক্ষ একটি পেনাল্টি পায়। গোলরক্ষক বল ধরার পর চার সেকেন্ডের মধ্যে বল না ছাড়লে প্রতিপক্ষ একটি ফ্রি-কিক পায়। এছাড়া ফুটবলের থ্রো-ইন-এর পরিবর্তে ফুটসালে কিক-ইন ব্যবহৃত হয়।
ফুটসাল নিয়ন্ত্রণ করে ফিফা, এবং ১৯৮৯ সাল থেকে ফিফা ফুটসাল বিশ্বকাপ আয়োজন করা হয়। বর্তমানে ব্রাজিল বিশ্বচ্যাম্পিয়ন এবং সবচেয়ে বেশি ৬ বার শিরোপা জিতেছে। এশিয়ার ফুটসালে সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন ইরান।
বাংলাদেশে ফুটসাল বেশ কিছু ক্লাব ও একাডেমিতে খেলানো হয় এবং টুর্নামেন্ট আয়োজন করা হয়। মূলত অ্যামেচার ও করপোরেট পর্যায়ে ফুটসাল জনপ্রিয়। আন্তর্জাতিক পর্যায়ে, বাংলাদেশ পুরুষ ফুটসাল দল প্রথম অংশ নেয় ২০২৫ সালের সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাইপর্বে। মেয়েদের দল ২০১৮ সালে এএফসি চ্যাম্পিয়নশিপে অংশ নেন এবং ২০২৬ সালের জানুয়ারিতে প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতে। একই সময়ে ছেলেদের দল সাত দলের মধ্যে পঞ্চম অবস্থানে শেষ করে।
ফুটসাল, ছোট মাঠে দ্রুত খেলার জন্য উপযোগী এবং খেলোয়াড়দের কৌশল ও প্রতিক্রিয়ার দক্ষতা বাড়াতে বিশেষভাবে সহায়ক। এটি বিশ্বব্যাপী ফুটবল সংস্কৃতির একটি জনপ্রিয় বিকল্প হিসেবে করে চলেছে।




























