কানাডায় উচ্চশিক্ষায় স্কলারশিপ, স্নাতক থেকে পিএইচডিতে আবেদনের সুযোগ
- প্রকাশঃ ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৩
- / 7
আলবার্টা, কানাডা, ২১ আগস্ট, (প্রজন্ম কথা) – কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বিভিন্ন স্কলারশিপের সুযোগ রয়েছে। এসব স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা উচ্চশিক্ষার পাশাপাশি আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় ১ নভেম্বর ২০২৬।
ইউনিভার্সিটি অব আলবার্টা কানাডার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর একটি এবং বিশ্বের অন্যতম পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। মানবিক, বিজ্ঞান, সৃজনশীল শিল্প, ব্যবসা, প্রকৌশল ও স্বাস্থ্যবিজ্ঞানে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন একাডেমিক কার্যক্রম রয়েছে। ১৯০৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির দুইটি শহরে মোট পাঁচটি ক্যাম্পাস রয়েছে।
স্কলারশিপে যেসব সুবিধা
ইউনিভার্সিটি অব আলবার্টা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপের ব্যবস্থা করে। এর মধ্যে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা পারমিটসহ বিশেষ স্কলারশিপ রয়েছে, যার আওতায় সর্বোচ্চ ৯ হাজার কানাডিয়ান ডলার পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে। স্কলারশিপটি চার বছর মেয়াদি এবং শিক্ষার্থীদের পূর্ণ মেয়াদে সহায়তা দেওয়ার সুযোগ রয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টির আরও কয়েকটি স্কলারশিপ রয়েছে। এগুলো হলো:
১. গোল্ড স্ট্যান্ডার্ড স্কলারশিপ
২. ডক্টরাল রিসার্চ স্কলারশিপ
৩. মাস্টার্স এন্ট্রি স্কলারশিপ
যেসব বিষয়ে পড়ার সুযোগ
ইউনিভার্সিটি অব আলবার্টায় ২০০টির বেশি স্নাতক ডিগ্রি এবং ৫০০টির বেশি স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম রয়েছে। এর মধ্যে নার্সিং, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, মেডিসিন ও দন্তচিকিৎসা, বিজ্ঞান, প্রকৌশল, আইন, সামাজিক বিজ্ঞান, আলবার্টা স্কুল অব বিজনেস, কৃষি ও পরিবেশবিজ্ঞানসহ বিভিন্ন বিষয় রয়েছে।
আবেদনের যোগ্যতা
স্কলারশিপ ও সংশ্লিষ্ট প্রোগ্রামের শর্ত অনুযায়ী আবেদনকারীদের কয়েকটি যোগ্যতা থাকতে হবে। এর মধ্যে রয়েছে:
আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;
পূর্ববর্তী একাডেমিক ফলাফল ভালো হতে হবে;
স্নাতকে আবেদনের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক ডিগ্রি থাকতে হবে;
স্নাতকোত্তরে আবেদনের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
পিএইচডিতে আবেদনের ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
তবে নির্দিষ্ট স্কলারশিপ ও একাডেমিক প্রোগ্রাম অনুযায়ী যোগ্যতা ও প্রয়োজনীয় নথিপত্রে ভিন্নতা থাকতে পারে। আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রোগ্রামের শর্তগুলো যাচাই করা প্রয়োজন।
যেভাবে আবেদন করবেন
স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা জানতে ইউনিভার্সিটি অব আলবার্টার আবেদনসংক্রান্ত নির্দেশনা দেখা যেতে পারে।
আবেদনের শেষ তারিখ: ১ নভেম্বর ২০২৬।




























