সিলেট থেকে যুক্তরাষ্ট্রে পিএইচডি, গবেষণায় স্বীকৃতি পেয়ে এখন ডিটিই এনার্জির জ্যেষ্ঠ প্রকৌশলী ড. সাকিব
- প্রকাশঃ ১৩ নভেম্বর ২০২৬, ১২:০৬
- / 4
যুক্তরাষ্ট্র, ১৩ নভেম্বর (প্রজন্ম কথা) – বাংলাদেশের সুনামগঞ্জে বেড়ে ওঠা ড. আহমেদ নাজমুস সাকিব যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা ও গবেষণা শেষ করে বর্তমানে দেশটির জ্বালানি খাতের প্রতিষ্ঠান ডিটিই এনার্জিতে জ্যেষ্ঠ প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। পিএইচডিতে ৪-এর মধ্যে ৪ সিজিপিএ অর্জন, ১৩টি গবেষণাপত্র প্রকাশ, আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার স্বীকৃতি এবং নিজের যোগ্যতায় ইবি-২ ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার (এনআইডব্লিউ) প্রক্রিয়ায় গ্রিন কার্ড পাওয়ার মধ্য দিয়ে তিনি গড়েছেন নিজের পেশাগত অবস্থান।
নিজেকে কখনো অসাধারণ মেধাবী শিক্ষার্থী হিসেবে বিবেচনা করেন না সাকিব। তাঁর নিজের ভাষায়, তিনি ছিলেন সাধারণ মানের একজন শিক্ষার্থী। তবে শিক্ষাজীবনে পরিবারের সহযোগিতা, বাবা-মায়ের অনুপ্রেরণা এবং নিজের ধারাবাহিক প্রচেষ্টা তাঁকে একের পর এক লক্ষ্য অর্জনে সহায়তা করেছে।
সুনামগঞ্জে জন্ম ও বেড়ে ওঠা সাকিবের। তাঁর বাবা ফারুক আহমদ সুনামগঞ্জ জেলা বারের জ্যেষ্ঠ আইনজীবী ও রাজনীতিবিদ। মা হাসিনা চৌধুরী। স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি ভর্তি হন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে। সেখানে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিও পান।
পরে উচ্চশিক্ষার জন্য সিলেটে চলে যান সাকিব। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে ভর্তি হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগে।
তবে তাঁর প্রকৌশলী হয়ে ওঠার পেছনে রয়েছে বাবার নেওয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নবম শ্রেণিতে বিষয় নির্বাচনের সময় চতুর্থ বিষয়ের নম্বর মূল ফলাফলে যুক্ত হবে না, এমন ধারণা থেকে উচ্চতর গণিত নেননি সাকিব। দশম শ্রেণিতে ওঠার পর বিষয়টি বাবার নজরে আসে। তত দিনে বিষয় পরিবর্তনের নিবন্ধনের নির্ধারিত সময় পেরিয়ে গেছে।
ছেলের ভবিষ্যতের কথা বিবেচনা করে বিষয়টি নিয়ে উদ্যোগী হন তাঁর বাবা। শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত বিলম্বিত নিবন্ধনের মাধ্যমে উচ্চতর গণিত নেওয়ার সুযোগ পান সাকিব। পরবর্তী সময়ে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করতে গিয়ে বাবার সেই সিদ্ধান্তের গুরুত্ব উপলব্ধি করেন তিনি।
শিক্ষাজীবনের শুরুতে পরিবারের অন্য সদস্যদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সাকিবের প্রথম শিক্ষক ছিলেন তাঁর দাদা আজিজ উদ্দিন আহমদ। তিনি প্রাথমিক শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক ছিলেন। দাদার কাছেই ইংরেজি শেখার হাতেখড়ি। তাঁর চাচা মরতুজা আহমদ সচিব ও প্রধান তথ্য কমিশনারের দায়িত্ব পালন করেছেন। আরেক চাচা ড. মুশতাক আহমদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। পরিবারের সদস্যদের শিক্ষা ও কর্মজীবন তাঁর সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরপরই বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা ছিল না সাকিবের। স্নাতকের চতুর্থ বর্ষে থিসিসের কাজ নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার পর তাঁর আগ্রহ তৈরি হয় গবেষণার প্রতি। সেখানে স্নাতক পর্যায়ের গবেষণাপত্রগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেন তিনি। পরের বছর গবেষণাটি আরও সম্প্রসারণ করে আরেকটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন এবং তৃতীয় স্থান লাভ করেন। এই দুটি অর্জনই তাঁকে গবেষণা ও বিদেশে উচ্চশিক্ষার দিকে এগিয়ে যেতে উৎসাহিত করে।
স্নাতক শেষ করে কর্মজীবন শুরু করেন বাটা বাংলাদেশে উৎপাদন প্রকৌশলী হিসেবে। সেখানে ছয় মাস কাজ করার পর যোগ দেন শেভরনে। প্রতিষ্ঠানটিতে পরিচালন প্রকৌশলী হিসেবে চার বছর দায়িত্ব পালন করেন। এরপর পূর্ণ বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিসিসিপিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করতে যান।
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার প্রস্তুতির সময় বাবার সহযোগিতার আরেকটি ঘটনা আজও তাঁর কাছে বিশেষ স্মৃতি। জিআরই পরীক্ষায় অংশ নিতে ঢাকায় গিয়ে সাকিব বুঝতে পারেন, পাসপোর্ট সুনামগঞ্জে ফেলে এসেছেন। পাসপোর্ট ছাড়া পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়ে। বিষয়টি জানার পর তাঁর বাবা রাতেই সুনামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। পরদিন সকালে পরীক্ষার আগে ছেলের হাতে পাসপোর্ট পৌঁছে দেন। বাবার এই উদ্যোগেই সেদিন পরীক্ষায় বসার সুযোগ পান সাকিব।
স্নাতকোত্তর শেষ করে যুক্তরাষ্ট্রে থেকে না গিয়ে দেশে ফিরে আসেন তিনি। পরবর্তী দুই বছর বাংলাদেশে বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস রিফাইনারিতে পরিকল্পনা ব্যবস্থাপক এবং অ্যাভেরি ডেনিসনে সহযোগী উৎপাদন ব্যবস্থাপক হিসেবে কাজ করেন।
এরপর পরিবারের অনুপ্রেরণায় আবারও উচ্চশিক্ষার জন্য আবেদন করেন। এবার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পিটসবার্গ ও ইউনিভার্সিটি অব ওকলাহোমা, উভয় প্রতিষ্ঠান থেকেই বৃত্তির সুযোগ পান। গবেষণার বিষয় ও নিজের আগ্রহের সামঞ্জস্য বিবেচনায় ওকলাহোমা বিশ্ববিদ্যালয় বেছে নেন তিনি। সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি গবেষণা শুরু করেন।
তাঁর গবেষণার মূল বিষয় ছিল হাইড্রোজেন জ্বালানি সংরক্ষণ ও পরিবহনের নিরাপত্তা। বিশেষ করে হাইড্রোজেন গ্যাসের লিকেজ প্রতিরোধে ব্যবহৃত উপকরণের নির্ভরযোগ্যতা ও কার্যকারিতা কত দিন বজায় থাকে, তা নিয়ে কাজ করেন তিনি। গবেষণার পাশাপাশি তথ্য বিশ্লেষণ এবং পূর্বাভাস তৈরির দক্ষতাও অর্জন করেন।
পিএইচডি চলাকালে গবেষণার স্বীকৃতিও পান সাকিব। ইউনিভার্সিটি অব ওকলাহোমার গ্র্যাজুয়েট রিসার্চ ডেতে নিজের গবেষণাকর্মের পোস্টার উপস্থাপন করে প্রথম স্থান অর্জন করেন। এ ছাড়া শিক্ষাগত ও গবেষণাগত কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ গ্যালোগলি কলেজ অব ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ, ম্যারাথন অয়েল করপোরেশন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট স্কলারশিপ এবং শেভরন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট স্কলারশিপ লাভ করেন।
পিএইচডি সম্পন্ন করার সময় তাঁর সিজিপিএ ছিল ৪-এর মধ্যে ৪। এ সময়ের মধ্যে প্রকাশিত হয় তাঁর ১৩টি গবেষণাপত্র, যেগুলো সমকক্ষ গবেষকদের পর্যালোচনার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে।
যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বার উচ্চশিক্ষার জন্য যাওয়ার সময় থেকেই নিজের যোগ্যতায় স্থায়ী বসবাসের সুযোগ অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছিলেন সাকিব। কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব বা স্পনসরশিপের ওপর নির্ভর না করে নিজের উচ্চশিক্ষা, গবেষণা ও পেশাগত অবদানের ভিত্তিতে আবেদন করতে চেয়েছিলেন তিনি। সে লক্ষ্য সামনে রেখে গবেষণা ও বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশের কাজ চালিয়ে যান।
পরবর্তী সময়ে নিজের শিক্ষাগত যোগ্যতা, গবেষণা এবং পেশাগত অবদানের ভিত্তিতে ইবি-২ ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার (এনআইডব্লিউ) প্রক্রিয়ায় গ্রিন কার্ড অর্জন করেন। এই প্রক্রিয়ায় নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন আবেদনকারীরা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে তাঁদের কাজের গুরুত্ব বিবেচনায় নিয়োগকর্তার স্পনসরশিপ ছাড়াই স্থায়ী বসবাসের আবেদন করতে পারেন।
পিএইচডি শেষ হওয়ার আগেই সাকিবের কাছে চাকরির প্রস্তাব আসে তিনটি প্রতিষ্ঠান থেকে। সেগুলো হলো সেকিসুই কেমিক্যাল, ডাও কেমিক্যাল ও সিবোর্ড এনার্জি। তিনি সিবোর্ড এনার্জিতে সাইট প্রকৌশলী হিসেবে যোগ দেন। সেখানে এক বছর কাজ করার পর মিশিগানভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান ডিটিই এনার্জিতে জ্যেষ্ঠ প্রকৌশলী হিসেবে যোগ দেন। বর্তমানে সেখানেই কর্মরত আছেন তিনি।
শিল্পপ্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কাজের পাশাপাশি শিক্ষকতার সঙ্গেও যুক্ত হয়েছেন সাকিব। যুক্তরাষ্ট্রের ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে অতিথি প্রভাষক হিসেবে পাঠদান করেছেন। সম্প্রতি জ্বালানি খাতের আন্তর্জাতিক প্রতিষ্ঠান এক্সনমোবিল থেকেও ফ্যাসিলিটি প্রকৌশলী পদে চাকরির প্রস্তাব পেয়েছেন তিনি।
সুনামগঞ্জের একটি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যাত্রা শুরু করে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, গবেষণা এবং জ্বালানি খাতের পেশাদার প্রকৌশলী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার এই পথচলায় পরিবারের অবদানকে বিশেষভাবে স্মরণ করেন ড. আহমেদ নাজমুস সাকিব। তাঁর অভিজ্ঞতা দেখায়, শিক্ষাজীবনের শুরুতে নিজেকে সাধারণ শিক্ষার্থী মনে করলেও অধ্যবসায়, সঠিক দিকনির্দেশনা ও সুযোগের সদ্ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে কাজের ক্ষেত্র তৈরি করা সম্ভব।
























