বাংলাদেশি কৃষি শ্রমিকদের জন্য ভিসা দেবে ওমান
- প্রকাশঃ ০৬ অগাস্ট ২০২৬, ১৬:৪৮
- / 3
বাংলাদেশের শ্রমিকদের জন্য কৃষি খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে ওমান। দেশটির কৃষকদের বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে ওমানের নিবন্ধিত কৃষকরা প্রয়োজন অনুযায়ী বাংলাদেশি শ্রমিক নেওয়ার জন্য ভিসার আবেদন করতে পারবেন।
ওমানভিত্তিক সংবাদমাধ্যম ওমান অবজারভার বৃহস্পতিবার (৬ আগস্ট) জানিয়েছে, ওমানের কৃষকদের বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের জন্য অনুমোদন দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয় ও রয়্যাল ওমান পুলিশ।
এর আগে ওমানের কৃষি অ্যাসোসিয়েশন (ওএএ)-এর আল দাহিরা শাখা কৃষি শ্রমিক নিয়োগের নতুন কর্মসূচি চালুর ঘোষণা দেয়। অ্যাসোসিয়েশন জানিয়েছে, সরকারি অনুমোদনের ভিত্তিতে নিবন্ধিত কৃষকরা তাদের প্রয়োজন অনুযায়ী বাংলাদেশি শ্রমিক নিয়োগের জন্য ভিসার আবেদন করতে পারবেন।
তবে এই সুবিধা শুধুমাত্র ওমানের কৃষি অ্যাসোসিয়েশনের আল দাহিরা শাখার নিবন্ধিত সদস্য কৃষকরাই পাবেন। আবেদনকারীদের বার্ষিক ফি পরিশোধের প্রমাণ, কৃষি হোল্ডিংয়ের সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, শ্রম মন্ত্রণালয়ের বৈধ অনুমোদনপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
বাংলাদেশি শ্রমিক নিয়োগের জন্য ওমানের কৃষকরা আগামী ৯ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত অ্যাসোসিয়েশনের আল মুরতাফা অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনপত্রে কোনো ধরনের তথ্যগত অসঙ্গতি পাওয়া গেলে তা গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।
ওমানের একটি সরকারি সেবা কেন্দ্রের (সানাদ) একজন স্বত্বাধিকারী ওমান অবজারভারকে জানিয়েছেন, দেশটিতে মোট ৫ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এই সুবিধা কেবল কৃষি অ্যাসোসিয়েশনের নিবন্ধিত সদস্যদের জন্য প্রযোজ্য হবে।
তিনি জানান, শ্রমিক নিয়োগের এই কোটা বিভিন্ন পর্যায়ে ভাগ করা হবে। এর আওতায় একটি অ্যাসোসিয়েশন সর্বোচ্চ ৩৩০ জন পর্যন্ত বাংলাদেশি শ্রমিক নিয়োগের সুযোগ পেতে পারে।
ওমানের কৃষি মৌসুমে প্রয়োজনীয় শ্রমিকের সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
























