নিষিদ্ধ সত্ত্বেও ভিক্ষা করছিলেন নারী, গ্রেপ্তারের পর ব্যাগে মিলল ৪৬ হাজার ডলার
- প্রকাশঃ ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৩১
- / 12
আম্মান, জর্ডান: জর্ডানের রাজধানী আম্মানের একটি সড়কে ভিক্ষা করার সময় এক নারীকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে ৪৬ হাজার ৬০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ ও জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই নারী আগে থেকেই ‘পেশাদার ভিক্ষাবৃত্তির’ সঙ্গে জড়িত ছিলেন। প্রতিদিন ভিক্ষা করে পাওয়া অর্থ তিনি নিয়মিত বিদেশি মুদ্রায় রূপান্তর করতেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।
তবে ওই নারীর জাতীয়তা, কতদিন ধরে তিনি ভিক্ষা করে আসছিলেন কিংবা উদ্ধার হওয়া অর্থের উৎস সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। গ্রেপ্তারের পর তাকে আইনি প্রক্রিয়ার জন্য বিচারিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
এই ঘটনার পর জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় সাধারণ মানুষকে রাস্তায় ভিক্ষুকদের সরাসরি অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, কিছু ভিক্ষুক অসুস্থতা বা চরম আর্থিক সংকটে থাকার মিথ্যা দাবি করে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে পারে।
অসহায় মানুষকে সহায়তা করতে চাইলে অনুমোদিত ও নিবন্ধিত দাতব্য সংস্থার মাধ্যমে অর্থ দেওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি সন্দেহজনক ভিক্ষাবৃত্তির ঘটনা কর্তৃপক্ষকে জানাতেও জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। দেশজুড়ে ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণে পরিদর্শন দলগুলো নিয়মিত অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছে সমাজ উন্নয়ন মন্ত্রণালয়।
জর্ডান টাইমসের ২০২৫ সালের মার্চের এক প্রতিবেদনে বলা হয়েছিল, দেশটিতে ভিক্ষাবৃত্তি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হয়। জর্ডানের দণ্ডবিধির ৩৮৯ ধারায় জনসমক্ষে ভিক্ষা চাওয়া বা অর্থ-সহায়তা সংগ্রহকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
২০২২ সালে আইনটি সংশোধন করে ভিক্ষাবৃত্তির আরও কয়েকটি ধরন ও শাস্তির বিধান যুক্ত করা হয়। এর মধ্যে ক্ষত বা অক্ষমতা দেখিয়ে বা ভান করে ভিক্ষা চাওয়া, ১৬ বছরের কম বয়সী শিশুকে ভিক্ষায় ব্যবহার বা উৎসাহিত করা, ভিক্ষার উদ্দেশ্যে প্রদর্শনীর মাধ্যমে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা এবং মিথ্যা দাবির ভিত্তিতে দান বা অনুদান সংগ্রহের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

























