স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে
আমেরিকায় আসছে ট্রাম্পের ছবি-সংবলিত ১ ডলারের নতুন কয়েন
- প্রকাশঃ ১৬ জুলাই ২০২৬, ১৫:২২
- / 35
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত ১ ডলারের একটি নতুন সোনালি রঙের কয়েন তৈরি করতে যাচ্ছে দেশটির রাষ্ট্রীয় মুদ্রা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউএস মিন্ট। চলতি সপ্তাহে এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে জীবিত কোনো প্রেসিডেন্টের ছবি সরকারি মুদ্রায় ব্যবহার করা আইনসম্মত কি না, তা নিয়ে দেশটিতে বিতর্ক শুরু হয়েছে।
অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, নতুন মুদ্রার এক পাশে প্রেসিডেন্ট ট্রাম্পের মুখাবয়বের সঙ্গে “In God We Trust” (আমরা ঈশ্বরে বিশ্বাস করি) বাক্যটি থাকবে। মুদ্রার চারপাশে লেখা থাকবে “Liberty” (স্বাধীনতা) এবং “1776-2026″। অন্য পাশে থাকবে যুক্তরাষ্ট্রের প্রতীক ঈগলের ছবি। ঈগলের এক পায়ে থাকবে তির এবং অন্য পায়ে জলপাইয়ের শাখা।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প এবং তার সহযোগীরা সরকারি মুদ্রা ও বিভিন্ন সরকারি নথিতে প্রেসিডেন্টের নাম ও ছবি ব্যবহারের উদ্যোগ নিয়ে আসছেন। এর আগে ট্রাম্পের ছবি সংবলিত স্মারক পাসপোর্ট এবং নতুন মুদ্রিত ১০০ ডলারের নোটে তার স্বাক্ষর যুক্ত করার পরিকল্পনার কথাও সামনে আসে। এছাড়া ২৪ ক্যারেট স্বর্ণের স্মারক মুদ্রা এবং ২৫০ ডলারের স্মারক নোটে ট্রাম্পের ছবি ব্যবহারের প্রস্তাবও দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, এই মুদ্রা “আমেরিকান মূল্যবোধের শক্তি এবং সবার জন্য স্বাধীনতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এক জাতির অঙ্গীকারকে উদ্যাপন করবে।” কয়েনটির প্রাথমিক খসড়া নকশায় পেনসিলভানিয়ায় নির্বাচনী জনসভায় ট্রাম্পের ওপর হামলার ঘটনার স্মৃতিচিহ্ন হিসেবে তার মুষ্টিবদ্ধ হাতের ছবি এবং “Fight Fight Fight” (লড়াই লড়াই লড়াই) স্লোগান রাখার প্রস্তাব ছিল।

তবে ১ ডলারের সরকারি মুদ্রায় জীবিত কোনো প্রেসিডেন্টের ছবি ব্যবহার করা যাবে কি না, তা নিয়ে আইনি প্রশ্ন উঠেছে। ২০২০ সালে পাস হওয়া একটি আইন অনুযায়ী, স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ট্রেজারি বিভাগ ১ ডলারের বিশেষ স্মারক মুদ্রা তৈরি করতে পারে। তবে মার্কিন বিধিমালায় সাধারণভাবে সরকারি মুদ্রায় মৃত ব্যক্তিদের ছবিই ব্যবহারের অনুমতি রয়েছে।
এ বিষয়ে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ১৫০ বছর পূর্তিতে তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের ছবি সংবলিত একটি স্মারক কয়েন তৈরি করা হয়েছিল। তাই জীবিত প্রেসিডেন্টের ছবি ব্যবহার করা সম্ভব বলে তিনি মনে করেন।
মুদ্রাটির চূড়ান্ত নকশা ট্রাম্প মনোনীত সদস্যদের নিয়ে গঠিত কমিশন অব ফাইন আর্টস-এর সুপারিশ থেকে কিছুটা ভিন্ন হয়েছে। কমিশন ট্রাম্পের পার্শ্বচিত্র ব্যবহারের সুপারিশ করলেও চূড়ান্ত নকশায় তার সামনের দিকের মুখাবয়ব রাখা হয়েছে। মুদ্রার নকশা অনুমোদনের ক্ষেত্রে অর্থমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত।
ইউএস মিন্টের নকশা ব্যবস্থাপনা দপ্তরের ভারপ্রাপ্ত প্রধান মেগান সুলিভান জানান, তারা আইনি পর্যালোচনা করে দেখেছেন যে এই নকশা বিদ্যমান কোনো আইন লঙ্ঘন করে না। তিনি আরও জানান, নতুন ১ ডলারের মুদ্রাটি ২৫ সেন্টের মুদ্রার তুলনায় কিছুটা বড় হবে। এটি ম্যাঙ্গানিজ ব্রাস দিয়ে তৈরি হবে এবং সোনালি রঙের হবে।
উল্লেখ্য, এই ১ ডলারের মুদ্রা ট্রেজারি বিভাগের তৈরি ২৪ ক্যারেট স্বর্ণের স্মারক মুদ্রা থেকে সম্পূর্ণ আলাদা। স্বর্ণের ওই মুদ্রার বাজারমূল্য কয়েক হাজার ডলার পর্যন্ত হতে পারে। গত জুনে সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা স্বর্ণের স্মারক মুদ্রা উৎপাদন বন্ধের দাবি জানান। তাদের আশঙ্কা ছিল, ইউএস মিন্টের স্বর্ণ সরবরাহ ব্যবস্থার সঙ্গে বিদেশি অপরাধী চক্রের সংশ্লিষ্টতা থাকতে পারে।


























