বিনামূল্যে বাস যাত্রার আগে গতি বৃদ্ধি: নিউইয়র্কে মামদানি প্রশাসনের নতুন উদ্যোগ
- প্রকাশঃ ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৩
- / 13
নিউইয়র্ক, ২৩ আগস্ট, (প্রজন্ম কথা) – নির্বাচনের সময় নিউইয়র্ক সিটির বাসে ভাড়া তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়র জোহরান মামদানি। দায়িত্ব নেওয়ার পর সেই বহুল আলোচিত ফ্রি বাস পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি। তবে এরই মধ্যে বাসের গতি বাড়িয়ে যাত্রীদের যাতায়াতের সময় কমাতে ‘Next Stop: Fast Buses, Better Service’ কর্মসূচি শুরু করেছে তাঁর প্রশাসন।
নিউইয়র্ক সিটির ডেপুটি মেয়র ফর অপারেশনস জুলিয়া কারসন জানিয়েছেন, মামদানি প্রশাসনের ‘দ্রুত ও ফ্রি বাস’ প্রতিশ্রুতির দ্রুতগতির অংশ বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। এ কর্মসূচির আওতায় শহরের পাঁচ বরোর ৫০টি গুরুত্বপূর্ণ বাস করিডরে পরিবর্তন আনার পরিকল্পনা করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, বাসের গতি প্রায় ২০ শতাংশ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এর ফলে যাত্রীরা প্রতিটি বাসযাত্রায় গড়ে সর্বোচ্চ ছয় মিনিট পর্যন্ত সময় সাশ্রয় করতে পারবেন।
কর্মসূচির আওতায় ১৭০টির বেশি বাস রুটে বিভিন্ন ধরনের উন্নয়ন আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে নতুন বাস লেন তৈরি, বাসস্টপ উন্নত করা এবং যাত্রী ওঠানামার প্রক্রিয়া দ্রুত করার ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। কয়েকটি এলাকায় এরই মধ্যে অবকাঠামোগত কাজ শুরু হয়েছে।
তবে পুরো নিউইয়র্ক সিটিতে বাসভাড়া তুলে দেওয়ার বিষয়টি প্রশাসনের জন্য তুলনামূলকভাবে জটিল। কারণ মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি বা এমটিএ নিউইয়র্ক স্টেটের নিয়ন্ত্রণাধীন সংস্থা। ফলে বাসভাড়া বাতিল করতে অ্যালবানির অনুমোদন, প্রয়োজনীয় অর্থায়ন এবং এমটিএর সহযোগিতা প্রয়োজন হবে।
মামদানি প্রশাসন জানিয়েছে, ফ্রি বাস পরিকল্পনা নিয়ে এমটিএ ও অ্যালবানির সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত শহরের সব বাসে ভাড়া তুলে দেওয়ার কোনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি।
এ অবস্থায় নিউইয়র্কবাসীর জন্য দ্রুতগতির বাস কর্মসূচিই আগে দৃশ্যমান হচ্ছে। ফ্রি বাসের প্রতিশ্রুতি বাস্তবায়নে আলোচনা চললেও বাসের গতি বাড়ানো এবং যাত্রীদের যাতায়াতের সময় কমানোর উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়নের পথে এগোচ্ছে।

























