কঠোর প্রশিক্ষণ, কঠিন পথ পেরিয়ে মার্কিন সেনাবাহিনীতে হাজীগঞ্জের তরুণ জুম্মান তপদার
- প্রকাশঃ ২৪ অগাস্ট ২০২৬, ১৯:৪৭
- / 2
২৪ আগস্ট, (প্রজন্ম কথা) – চাঁদপুরের হাজীগঞ্জের জুম্মান তপদার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণের নতুন এই অর্জনে তাঁর পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
জুম্মান তপদার হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাটরা বিলওয়াই এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার ঐতিহ্যবাহী তপদার বাড়ির মো. বিল্লাল হোসেন তপদার ও শাহনাজ বেগম দম্পতির ছোট ছেলে। পাঁচ সদস্যের পরিবারে তাঁর দুই বোন ও এক ভাই রয়েছে। বর্তমানে তাঁর পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
পরিবার ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, উন্নত জীবন ও ভবিষ্যতের প্রত্যাশায় ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জুম্মান। দেশটিতে যাওয়ার পর পড়াশোনা ও অন্যান্য কাজের পাশাপাশি কঠোর পরিশ্রম করে তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগদানের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন। পরে তিনি সফলভাবে সেনাবাহিনীতে যোগ দেন।
জুম্মানের এই অর্জনে তাঁর মা-বাবা ও স্বজনরা আনন্দিত। স্থানীয়রাও তাঁর সাফল্যকে হাজীগঞ্জ তথা চাঁদপুরের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন। তাঁর ভবিষ্যৎ কর্মজীবন ও নিরাপত্তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
বাংলাদেশি বংশোদ্ভূত একজন তরুণের যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যোগদানের এই ঘটনা প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও নতুন প্রজন্মের তরুণদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠতে পারে।




























