ঈদের পর অনুষ্ঠিত হবে ‘শহীদ আবু সাঈদ বইমেলা’: বেরোবি উপাচার্য
- প্রকাশঃ ০৬:৫৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / 33
এবারের ‘শহীদ আবু সাঈদ বইমেলা’ পবিত্র ঈদুল ফিতরের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এর উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা জানান।
উপাচার্য বলেন, “প্রতিবছর আমাদের জাতীয় বইমেলা অনুষ্ঠিত হয়। তবে এবার বিশেষ পরিস্থিতির কারণে সময়সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। জুলাই বিপ্লবের পর আমরা শহীদ আবু সাঈদের স্মরণে একটি বইমেলার আয়োজন করেছিলাম। সেই ধারাবাহিকতায় এবারও মেলা অনুষ্ঠিত হবে এবং আমরা আশা করছি এটি ঈদের পরপরই আয়োজন করতে পারব।”
তিনি আরও বলেন, শহীদ আবু সাঈদের স্মরণে আয়োজিত এ বইমেলা শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধির পাশাপাশি মুক্তচিন্তা ও সাহিত্যচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, গত বছর ১৮ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী ‘শহীদ আবু সাঈদ বইমেলা ২০২৫’ অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং বিপুলসংখ্যক পাঠক ও দর্শনার্থীর সমাগম ঘটে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এবারের বইমেলা আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে এবং শিগগিরই মেলার নির্দিষ্ট তারিখ ও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে।

















