বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬। ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি বরিশালে দেশের ৩৩তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
২০১২ সালে মাত্র চারটি অনুষদের ছয়টি বিভাগ এবং ৪০০ শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। প্রতিষ্ঠার ১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পদার্পণ করেছে দক্ষিণ বঙ্গের বাতিঘর হিসেবে পরিচিত এ শিক্ষাপ্রতিষ্ঠান।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ তৌফিক আলম শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬-এর শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য সকলকে বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সম্মিলিতভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। এরপর বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
উপাচার্যের নেতৃত্বে আয়োজিত এ র্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সালসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। র্যালিতে বিভিন্ন বিভাগের পৃথক ব্যানার ও সৃজনশীল প্ল্যাকার্ড প্রদর্শিত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে থেকে শুরু হয়ে র্যালিটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল–পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়।
অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


















