ইফতার কর্মসূচিতে বাধা, সিরাজগঞ্জে শ্রমিক দল নেতার পদ স্থগিত
- প্রকাশঃ ১০:২১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / 31
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইফতার বিতরণ কর্মসূচিতে বাধা ও গোলযোগ সৃষ্টির অভিযোগে ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দল নেতার সব দলীয় পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখা।
বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে ঘুরকা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন–এর বিরুদ্ধে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, জেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল করিম খান পাপ্পু আয়োজিত ইফতার বিতরণ কর্মসূচিতে বাধা সৃষ্টি ও গোলযোগের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। এ ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মুক্তার হোসেনের সব দলীয় পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তিনি কোনো দলীয় পরিচয় ব্যবহার করতে পারবেন না এবং দলীয় কোনো কর্মকাণ্ডেও অংশ নিতে পারবেন না বলে চিঠিতে উল্লেখ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ইফতার বিতরণ চলাকালে কিছু নেতাকর্মীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় শ্রমিক দল নেতা মুক্তার হোসেনের বিরুদ্ধে কর্মসূচিতে বাধা দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ওঠে। পরে বিষয়টি দলীয়ভাবে পর্যালোচনা করে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিষয়টি অবগতির জন্য জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছেও অনুলিপি পাঠানো হয়েছে।




















