সংসদে শামীম কায়সার: ‘জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা?’
- প্রকাশঃ ০৮:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / 2
জাতীয় সংসদে একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার। তিনি বলেন, “জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার চেষ্টা চলছে।
রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য শামীম কায়সার বলেন, দেশে বর্তমানে জবাবদিহিতামূলক সরকার, জবাবদিহিতামূলক সংসদ এবং রাজনৈতিক দলের অভ্যন্তরেও জবাবদিহির পরিবেশ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আত্মসমালোচনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, “নীল নদের পানি যেমন নীল না, তেমনি দাড়ি-টুপি থাকলেই যে নারী স্বাধীনতা কিংবা হিজাব-নিকাবের প্রতি সম্মান থাকবে, বিষয়টি এমন না। ব্যক্তি স্বাধীনতা ও পারস্পরিক সম্মানের প্রশ্নে আমাদের আরও সোচ্চার হওয়া প্রয়োজন।”
তিনি আরও বলেন, তথ্য ও প্রচারিত বয়ানের মধ্যে পার্থক্য রয়েছে। কিছু বিষয় নিয়ে জনপরিসরে বিভ্রান্তিকর ধারণা তৈরির চেষ্টা হয় বলেও মন্তব্য করেন তিনি।
বক্তৃতার একপর্যায়ে শামীম কায়সার বলেন, “আপনার মাথার ওপরে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’, দুয়ারে দুয়ারে ‘সর্বশক্তিমান আল্লাহ’। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। তারেক রহমানের নেতৃত্বে সেটি বহাল রয়েছে। এটাই বাস্তবতা।”
তিনি আরও বলেন, “বাজারে মাঝে মাঝে ন্যারেটিভ চালানোর চেষ্টা হচ্ছে, জান্নাতের সোল এজেন্ট নাকি একটা ওজন মাপার পাল্লা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।”
তার এই বক্তব্য সংসদে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।





























