নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ভিডিও ছড়িয়ে তদন্তে পুলিশ
- প্রকাশঃ ০৩:১৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / 2
নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ছবি: ভিডিও থেকে নেওয়া।
নোয়াখালীতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ধাতব কাঠামোয় নির্মিত স্মৃতিস্তম্ভটিতে বড় ধরনের ক্ষতি না হওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে আসেনি। তবে সন্ধ্যার দিকে অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি জানাজানি হয় এবং পুলিশ তদন্ত শুরু করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২৬ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, একদল তরুণ জেলা জজ আদালত সড়কের কেন্দ্রীয় শহীদ মিনার ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভের পাশে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন জ্বলতে দেখা যায়।
ভিডিওতে উপস্থিত একজনকে বলতে শোনা যায়, “স্বাধীন সার্বভৌম এই দেশ থেকে রাজাকারের চিহ্ন মুছে ফেলার জন্য বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।” পরে তাঁকে এবং অন্যদের “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে” এবং “শেখ হাসিনার স্মরণে, ভয় করি না মরণে” স্লোগান দিতে দেখা যায়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে কারা এবং কখন আগুন দিয়েছে, সে বিষয়ে পুলিশ আগে অবগত ছিল না। শনিবার বিকেলে একটি ভিডিও দেখার পর বিষয়টি তাঁদের নজরে আসে।
তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে, আগুন দেওয়ার কারণে স্মৃতিস্তম্ভের কিছু অংশ কালচে হয়ে গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ভিডিও এবং অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।


























