মিউনিখে শুরু বিশ্বের বৃহত্তম লোকজ উৎসব অক্টোবরফেস্ট
- প্রকাশঃ ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮
- / 7
মিউনিখ, ২১ সেপ্টেম্বর, (প্রজন্ম কথা) – জার্মানির মিউনিখে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় লোকজ উৎসব ‘অক্টোবরফেস্ট’। ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া এবারের উৎসব চলবে ৪ অক্টোবর পর্যন্ত। দুই সপ্তাহের বেশি সময়ের এ আয়োজনে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৬০ থেকে ৬৫ লাখ মানুষ অংশ নেন।
অক্টোবরফেস্টকে ঘিরে মিউনিখের উৎসব প্রাঙ্গণে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ক্যামেরা, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভিড় পর্যবেক্ষণ ব্যবস্থা এবং শত শত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
বিয়ার এ উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হলেও অক্টোবরফেস্টের সঙ্গে জড়িয়ে আছে বাভারিয়ান সংস্কৃতি ও ঐতিহ্য। বর্ণিল ঐতিহ্যবাহী পোশাক, প্রাণবন্ত সঙ্গীত এবং বিভিন্ন ধরনের স্থানীয় খাবার উৎসবের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
আগামী দুই সপ্তাহের বেশি সময় ধরে মিউনিখে লাখো মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। উৎসবকে ঘিরে শহরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বাভারিয়ান সংস্কৃতি ও ঐতিহ্যের এই আয়োজন প্রতিবছরই বিশ্বের বিভিন্ন দেশের পর্যটক ও দর্শনার্থীদের আকর্ষণ করে।



























