নিউইয়র্কে ১ অক্টোবর থেকে হিটিং সিজন, বাড়িওয়ালাদের মানতে হবে যে নিয়ম
- প্রকাশঃ ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০২
- / 7
নিউইয়র্ক, ২৩ সেপ্টেম্বর, (প্রজন্ম কথা) – নিউইয়র্ক সিটিতে আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে শীতকালীন হিটিং সিজন। চলবে পরবর্তী বছরের ৩১ মে পর্যন্ত। এ সময়ে আবাসিক ভবনের মালিকদের নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখার পাশাপাশি সারা বছর গরম পানি সরবরাহের নিয়মও মানতে হয়। নিয়ম ভাঙলে বাড়িওয়ালার বিরুদ্ধে জরিমানা ও অন্যান্য আইনগত ব্যবস্থা নিতে পারে নগরীর আবাসন সংরক্ষণ ও উন্নয়ন বিভাগ।
নিউইয়র্ক সিটির নিয়ম অনুযায়ী, হিটিং সিজনে সকাল ৬টা থেকে রাত ১০টার মধ্যে বাইরের তাপমাত্রা ৫৫ ডিগ্রি ফারেনহাইটের নিচে নামলে অ্যাপার্টমেন্টের ভেতরের তাপমাত্রা কমপক্ষে ৬৮ ডিগ্রি ফারেনহাইট রাখতে হবে। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘরের তাপমাত্রা অন্তত ৬২ ডিগ্রি ফারেনহাইট থাকতে হবে। এ সময় বাইরের তাপমাত্রা কত, তা বিবেচনায় নেওয়া হয় না।
গরম পানির ক্ষেত্রেও বাড়িওয়ালাদের সারা বছর নিয়ম মানতে হয়। প্রতিটি আবাসিক ইউনিটে ২৪ ঘণ্টা, ৩৬৫ দিন অন্তত ১২০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার গরম পানি সরবরাহ নিশ্চিত করতে হবে।
কোনো অ্যাপার্টমেন্টে পর্যাপ্ত গরম না থাকলে বা গরম পানি সরবরাহে সমস্যা হলে ভাড়াটিয়াদের প্রথমে বাড়িওয়ালা, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা ভবনের সুপারিনটেনডেন্টকে জানাতে বলা হয়েছে। সমস্যা সমাধান না হলে নগরীর ৩১১ নম্বরে অভিযোগ করা যায়। ফোনের পাশাপাশি অনলাইনেও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। শ্রবণপ্রতিবন্ধী বা বিশেষ টেলিফোন সেবা ব্যবহারকারীরা ২১২-৫০৪-৪১১৫ নম্বরে যোগাযোগ করতে পারেন।
অভিযোগ পাওয়ার পর আবাসন সংরক্ষণ ও উন্নয়ন বিভাগ প্রয়োজন অনুযায়ী পরিদর্শক পাঠিয়ে তাপমাত্রা ও হিটিং ব্যবস্থা পরীক্ষা করতে পারে। নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
বর্তমান নিয়ম অনুযায়ী, হিটিং বা গরম পানির প্রাথমিক লঙ্ঘনের ক্ষেত্রে প্রতিদিন ৩৫০ থেকে ১ হাজার ২৫০ ডলার পর্যন্ত দেওয়ানি জরিমানা হতে পারে। একই ভবনে পরবর্তী লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা প্রতিদিন ৫০০ থেকে ১ হাজার ৫০০ ডলার পর্যন্ত হতে পারে। একই হিটিং সিজনে তৃতীয় বা পরবর্তী পরিদর্শনে লঙ্ঘন ধরা পড়লে ২০০ ডলারের পরিদর্শন ফিও আরোপ করা যেতে পারে।
কোনো ভবনে হিটিং বা গরম পানির সমস্যা অব্যাহত থাকলে নগর কর্তৃপক্ষ জরুরি মেরামতের ব্যবস্থাও নিতে পারে। এসব ক্ষেত্রে ভবন মালিকের ওপর মেরামতের খরচ চাপানো হতে পারে এবং আইন অনুযায়ী বকেয়া অর্থ আদায়ে সম্পত্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
শীতের আগে ভাড়াটিয়াদের ঘরে একটি থার্মোমিটার রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে প্রয়োজনে ঘরের তাপমাত্রা পরীক্ষা করা যায়। হিটিং সমস্যার ক্ষেত্রে কখন সমস্যা হয়েছে এবং তখন ঘরের তাপমাত্রা কত ছিল, সেই তথ্য সংরক্ষণ করাও পরবর্তী অভিযোগের ক্ষেত্রে সহায়ক হতে পারে।
নিউইয়র্ক সিটির আবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, হিটিং ও গরম পানি কোনো ঐচ্ছিক সুবিধা নয়। শীতকালীন হিটিং সিজনে নির্ধারিত তাপমাত্রা বজায় রাখা ভবন মালিকদের আইনগত দায়িত্ব।


























