৩২ ঘণ্টার টানা উদ্ধার অভিযানেও বাঁচানো গেল না শিশু সাজিদকে
- প্রকাশঃ ১০:২৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / 116
ছবি: প্রজন্ম কথা
রাজশাহীর তানোরে ৮ ইঞ্চি ব্যাসার্ধের সরু নলকূপের গর্তে পড়ে আটকে থাকা দুই বছর বয়সী শিশু সাজিদকে দীর্ঘ ৩২ ঘণ্টার অভিযান শেষে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর শিশুটির মৃত্যু হয়েছে। তানোর হাসপাতালের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিশুটিকে গর্ত থেকে তুলে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে চিকিৎসকেরা সাজিদকে মৃত ঘোষণা করেন।
ঘটনা শুরু হয় গতকাল বুধবার দুপুর সোয়া ১টার দিকে। তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে মায়ের সঙ্গে বাড়ির পাশের বিলে যাওয়ার সময় পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ, রাকিবুল ইসলামের ছেলে। গর্তটি পানির স্তর যাচাইয়ের জন্য খনন করা হলেও ব্যবহৃত না হওয়ায় পরিত্যক্ত অবস্থায় ছিল।
ঘটনার পর বেলা ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। একে একে আটটি ইউনিট যোগ দিয়ে টানা ৩২ ঘণ্টা ধরে অভিযান পরিচালনা করে। শিশুটি ৮ ইঞ্চি ব্যাসার্ধের সরু গর্ত দিয়ে মাটির গভীরে নেমে যাওয়ায় উদ্ধারকাজ জটিল হয়ে ওঠে।
উদ্ধারকারীরা মূল গর্তের পাশ থেকে এক্সকাভেটর দিয়ে বিকল্প পথ তৈরি করতে খনন কাজ শুরু করেন। শিশুকে জীবিত রাখার জন্য অক্সিজেন সরবরাহ করা হয়। তবে আজ সন্ধ্যায় প্রায় ৩৫ ফুট পর্যন্ত খননের পর গর্তের মাটি জমাট বেঁধে যাওয়ায় অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়। এতে শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসে।
অবশেষে রাত ৯টার দিকে ৩২ ঘণ্টার চেষ্টায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি।






























