সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, ভিডিও ভাইরাল
- প্রকাশঃ ০১:০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / 102
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের চৌরাস্তা মোড়ের বাহিরগোলা রোডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি অটোরিকশার ভেতরে থাকা আব্দুর রহমান রিয়াদকে কয়েকজন তরুণ ধারালো অস্ত্র দিয়ে নির্বিচারে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রহমান রিয়াদ শহরের সয়াধানগড়া খাঁপাড়া মহল্লার বাসিন্দা রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, সিএনজিতে বসে থাকা অবস্থায় হঠাৎ কয়েকজন যুবক বিভিন্ন দিক থেকে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। ঘটনার আকস্মিকতায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
নিহতের বাবা রেজাউল করিম বলেন, আমার ছেলে নিয়মিত প্রাইভেট পড়তে যেত। মাগরিবের পর ফোনে জানানো হয় সে অসুস্থ, দ্রুত হাসপাতালে যেতে হবে। সেখানে গিয়ে দেখি আমার ছেলের শরীর রক্তাক্ত। আমি আমার ছেলের হত্যার বিচার চাই, আর কোনো বাবার বুক যেন শূন্য না হয়।
হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ ধারণা করছে, এলাকায় পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। মরদেহ হস্তান্তরসহ অন্যান্য আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।






























