বগুড়া-১: আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেত্রী শাহজাদী আলমের মনোনয়নপত্র দাখিল
- প্রকাশঃ ০১:১৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / 93
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলোচিত আওয়ামী লীগ নেত্রী শাহজাদী আলম (লিপি)। সোমবার বিকেলে তাঁর কর্মী ও সমর্থকেরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা বগুড়া জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
শাহজাদী আলম সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সদস্য। ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই সময় নির্বাচনে স্ত্রীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ ওঠে তাঁর স্বামী, তৎকালীন পুলিশের অতিরিক্ত ডিআইজি হামিদুল আলমের (মিলন) বিরুদ্ধে। এ ঘটনায় গত ৪ জানুয়ারি বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
গণ–অভ্যুত্থানের পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এছাড়া ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার অভিযোগে শাহজাদী আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
মনোনয়নপত্র দাখিলের বিষয়ে যোগাযোগ করা হলে শাহজাদী আলম ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠালেও কোনো সাড়া পাওয়া যায়নি। বাধ্যতামূলক অবসরে থাকা অতিরিক্ত ডিআইজি হামিদুল আলমের মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।
মনোনয়নপত্রে প্রস্তাবকারী হিসেবে আছেন শাহজাদী আলমের ব্যবসাপ্রতিষ্ঠান মেধা এন্টারপ্রাইজের তত্ত্বাবধায়ক হেদায়েতুল ইসলাম। প্রথম আলোকে তিনি জানান, গতকাল বিকেল পাঁচটার দিকে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা প্রশাসকের কাছে শাহজাদী আলমের পক্ষে আমরা মনোনয়নপত্র দাখিল করেছি। এ সময় আমাদের প্রতিষ্ঠানের কর্মকর্তারা এবং মনোনয়নপত্রের সমর্থক সুরুজ্জামান উপস্থিত ছিলেন।
হেদায়েতুল ইসলাম আরও বলেন, ম্যাডামের বিরুদ্ধে মামলা রয়েছে এবং তিনি জামিনে আছেন। তবে বর্তমানে তিনি কোথায় রয়েছেন, সেটা আমার জানা নেই।






























