মার্কিন নাগরিককে বিয়ে করলেই মিলবে না অভিবাসনের সুবিধা, বাড়ছে আইনি বাধা
- প্রকাশঃ ০৬ জুলাই ২০২৬, ১৮:৪৮
- / 3
মার্কিন নাগরিককে বিয়ে করলেই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস বা নাগরিকত্বের পথ সহজ হবে, এমন প্রচলিত ধারণায় পরিবর্তন এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির ফলে এখন মার্কিন নাগরিকদের বিদেশি (নন-সিটিজেন) স্বামী-স্ত্রীদেরও আগের তুলনায় কঠোর যাচাই-বাছাই এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে।
সাধারণত কোনো মার্কিন নাগরিককে বিয়ে করলে তার বিদেশি জীবনসঙ্গী তুলনামূলক সহজে গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ পেতেন। তবে ট্রাম্প প্রশাসন গত বছর ক্ষমতায় আসার পর থেকে অভিবাসন নীতিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা সাময়িকভাবে স্থগিত রাখা, গ্রিন কার্ডের সাক্ষাৎকারে আরও কঠোর ও বিস্তৃত প্রশ্ন করা এবং অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে ডিপোর্টেশন কার্যক্রম জোরদার করার পদক্ষেপ রয়েছে।
এর ফলে অনেক বিদেশি জীবনসঙ্গী গ্রেফতার বা বহিষ্কারের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতেও অনীহা প্রকাশ করছেন।
‘আমেরিকান ফ্যামিলিজ ইউনাইটেড’ নামের একটি সংগঠনের প্রধান জানান, এই আতঙ্কের কারণে অনেক বিদেশি স্বামী-স্ত্রী স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করছেন। তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রের ভেতরে ও বাইরে মিলিয়ে প্রায় ১৭ লাখ মানুষ এই সংকটের কারণে সংগঠনটির সহায়তা চেয়েছেন।
আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের পরিচালক শারভারী দালাল-ধেইনি বলেন, আইন অনুযায়ী মার্কিন নাগরিকদের স্বামী-স্ত্রীরা দীর্ঘদিন ধরে বিশেষ সুবিধা পেয়ে আসছিলেন। তাদের জন্য কোনো সংখ্যাগত কোটা ছিল না। তবে বর্তমান প্রশাসন তাদেরও অন্যান্য অবৈধ অভিবাসীদের মতো একই ধরনের যাচাই-বাছাইয়ের আওতায় আনছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (USCIS)-এর মুখপাত্র জ্যাক কাহলার বলেন, মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই কঠোর যাচাই-বাছাই করা হচ্ছে।
তিনি বলেন, কোনো মার্কিন নাগরিককে বিয়ে করলেই কেউ স্বয়ংক্রিয়ভাবে অভিবাসন সুবিধা পাবেন না। যারা বৈধ অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন অথবা ভিসার নির্ধারিত মেয়াদের বেশি সময় অবস্থান করছেন, তাদের অভিবাসন আইনের আওতায় অবৈধ হিসেবেই বিবেচনা করা হবে এবং প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে।
অভিবাসন আইনজীবীরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের বিদেশি জীবনসঙ্গীদের এই ধারণা থেকে সরে আসতে হবে যে, বিয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার অধিকার নিশ্চিত হয়ে যায়। নতুন নীতিমালার কারণে হাজারো পরিবার এখন অনিশ্চয়তার মধ্যে দিন পার করছে।

























