গণ বিশ্ববিদ্যালয় গকসুর ভিপির ছাত্রদলে যোগদান নিয়ে বিতর্ক, ব্যবস্থা গ্রহণের দাবি
- প্রকাশঃ ০২:৫৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 46
গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান ও তারেক রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান। এ ঘটনায় তিনি ছাত্র সংসদের গঠনতন্ত্র বহির্ভূত কাজে জড়িয়েছেন বলে দাবি করেছে সংসদের অন্যান্য নেতৃবৃন্দ। বিষয়টির দায়ভার ছাত্র সংসদ বহন করবে না জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংসদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) গকসুর সাধারণ সম্পাদক (জিএস) মো. রায়হান খান ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সামিউল হাসান শোভনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজে ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ানের যোগদানের বিষয়টি প্রকাশ করা হয়। ভিপি নিজেও এ সিদ্ধান্তের কথা প্রকাশ্যে নিশ্চিত করেন। এরপর বিভিন্ন গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা ছাত্র সংসদের কাছে জানতে চান, এ সিদ্ধান্ত সংসদের অনুমোদন বা মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে কি না।
এ প্রসঙ্গে গকসু নেতৃবৃন্দ জানান, গণ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মত, ধর্ম ও আদর্শের শিক্ষার্থীরা অধ্যয়ন করেন এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ সব শিক্ষার্থীর প্রতি সমান শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনে বিশ্বাসী। শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে ব্যক্তিগতভাবে রাজনৈতিক চর্চা করতে পারলেও ক্যাম্পাসের ভেতরে দলীয় রাজনৈতিক কার্যক্রম গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়, ইয়াসিন আল মৃদুল দেওয়ানের রাজনৈতিক দলে যোগদান তাঁর ব্যক্তিগত ও সাংবিধানিক অধিকার। তবে গকসুর গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়মবহির্ভূত। সিদ্ধান্ত গ্রহণের আগে তিনি ছাত্র সংসদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ করেননি। ফলে এ সিদ্ধান্তের দায়ভার কোনোভাবেই ছাত্র সংসদ বহন করবে না।
এ ছাড়া বিবৃতিতে উল্লেখ করা হয়, কোনো ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্ত বা দলীয় রাজনীতিতে সম্পৃক্ততা যেন ছাত্র সংসদের ভাবমূর্তি ক্ষুণ্ন না করে, সে বিষয়ে তারা সতর্ক অবস্থান নিয়েছেন।
গকসুর নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ বিষয়ে ছাত্র সংসদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রয়োজনীয় ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।

















