‘একজন খেলোয়াড়কেও দেখতে পাইনি’— জয় পেয়েও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ
- প্রকাশঃ ০৯:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / 6
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ইংল্যান্ডের কোচ হিসেবে অভিষেক ম্যাচে জয় পেলেও পুরোপুরি সন্তুষ্ট নন টমাস টুখেল। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় নিজের খেলোয়াড়দের দেখতে না পাওয়ায় বিরক্তি প্রকাশ করেছেন ইংল্যান্ডের এই প্রধান কোচ।
একই সঙ্গে বিষয়টি নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।বুধবার টেক্সাসের আরলিংটনে অনুষ্ঠিত ম্যাচের আগে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত ‘গড সেভ দ্য কিং’ বাজানো হয়। সে সময় দুই দলের বেঞ্চের সামনে অবস্থান নেওয়া বিপুলসংখ্যক ফটোগ্রাফারের কারণে নিজের খেলোয়াড়দের দেখতে পারেননি টুখেল।
ম্যাচ শেষে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমি ফিফার কাছে অনুরোধ করছি, ফটোগ্রাফারদের অবস্থান পরিবর্তন করা হোক। জাতীয় সঙ্গীতের সময় আমি আমার দলকে দেখতে পারিনি। অথচ আমি এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম।”
টুখেল জানান, জাতীয় সঙ্গীত চলাকালে তিনি কয়েকবার ফটোগ্রাফারদের সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে তাতে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। পরে তাকে কোচিং স্টাফদের সঙ্গে দাঁড়িয়ে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে তাকিয়ে পুরো অনুষ্ঠান দেখতে হয়।
এই অভিজ্ঞতায় হতাশার কথা জানিয়ে ইংল্যান্ড কোচ বলেন, “আজকের মুহূর্তটি আমার জন্য খুবই বিশেষ ছিল। কিন্তু আমার সামনে মাত্র আধা মিটার দূরে প্রায় ৫০ জন ফটোগ্রাফার দাঁড়িয়ে ছিলেন। আমি একজন খেলোয়াড়কেও দেখতে পাইনি। এটি আমার অভিজ্ঞতাকে কিছুটা ম্লান করে দিয়েছে।”
তবে মাঠের খেলায় কোনো প্রভাব পড়েনি। গ্রুপ ‘এল’-এর প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ড। আক্রমণাত্মক ফুটবল খেলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে টুখেলের শিষ্যরা।
গ্রুপ পর্বে ইংল্যান্ডের সামনে রয়েছে আরও দুটি ম্যাচ। আগামী মঙ্গলবার ঘানার বিপক্ষে মাঠে নামবে ইংলিশরা। এরপর চার দিন পর পানামার মুখোমুখি হবে হ্যারি কেইনের দল।

